নির্যাতন সইতে না পেরে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে পপি সেন (১৮) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার সিরাজদিখানের মধ্যপাড়ায় পপির শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পপির শ্বশুর সুনিল সেন, শাশুড়ি কনক রানী সেন ও দেবর সুজন সেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে পপির পরিবারের অভিযোগ, পপি আত্মহত্যা করেননি। তাঁকে পুড়িয়ে মারা হয়েছে।
মৃতের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে নারায়ণগঞ্জের পালপাড়ার খোকনদের মেয়ে পপির সঙ্গে সিরাজদিখানের মধ্যপাড়া এলাকার সুনিল সেনের ছেলে সুমন সেনের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে সুমন মালয়েশিয়া চলে যান। পরে শ্বশুরবাড়ির লোকজন পপিকে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন। পপির বাবা-মা নির্যাতনের কথা জানতে পেরে মেয়েকে আনতে যান। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাবার বাড়ি যেতে দেননি।
পপির মা রুমা দে অভিযোগ করেন, তাঁর মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে। পরে তারা প্রচার চালায়, পপি আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে পপির লাশ মধ্যপাড়ার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করে থানায় নেয় পুলিশ। এ ঘটনায় পপির বাবা খোকন দে বাদী হয়ে পপির শ্বশুর সুনিল সেন, শাশুড়ি কনক রানী সেন, দেবর সুজন সেন ও ননদ শিখা সেনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় সুনিল, কনক ও সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে পপি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই আত্মহত্যার প্ররোচনায় মামলা নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।