নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা?
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় হেলেনা আক্তার (২৬) নামের এক গৃহবধূ ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার ওই গৃহবধূর ভাই বাদী হয়ে কসবা থানায় মামলা করেছেন।
এতে অভিযোগ করা হয়েছে, যৌতুকের নির্যাতন সইতে না পেরে হেলেনা আত্মহত্যা করেছেন। আসামি করা হয়েছে হেলেনার স্বামী সজীব মিয়া (৩২), শ্বশুর জাহাঙ্গীর আলম, শাশুড়ি পেয়ারা বেগম ও দেবর রুবেল মিয়াকে।
সজীব মিয়ার বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামে।
এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাত বছর আগে সজীব ও হেলেনার বিয়ে হয়। তখন হেলেনার পরিবার যৌতুক হিসেবে দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার ও আসবাব দিয়েছিল। বিয়ের পর থেকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য হেলেনাকে নির্যাতন করে আসছিলেন। গত সোমবার তাঁরা হেলেনাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বেলা সাড়ে তিনটায় কসবা রেলস্টেশনের দক্ষিণ পাশে কালিকাপুর এলাকায় একটি মালবাহী ট্রেনের নিচে তিনি ঝাঁপ দেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হেলেনাকে মৃত ঘোষণা করেন।
আতিকুর রহমান বলেন, সোমবার ১১টার দিকে তাঁর বোন ফোন করে বলেছিলেন, দুই লাখ টাকা যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করা হচ্ছে। তাঁকে যেন এসে নিয়ে যান।
এই অভিযোগ অস্বীকার করে হেলেনার শ্বশুর জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, তাঁর ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। ৬-৭ মাস বাড়িতে আসেননি। এমনকি ঈদের আগেও বাড়িতে আসেননি। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, আসামিরা পলাতক রয়েছেন।