নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে হেলেনা আক্তার নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ, স্থানীয় ও ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে শিবালয়ের উথলী গহেরপুর গ্রামের আবদুল করিমের ছেলে সুমন হোসেনের (২৬) সঙ্গে একই উপজেলার ধূসর গ্রামের আবদুল জলিলের মেয়ে হেলেনা আক্তারের (১৯) বিয়ে হয়। বিয়ের সময় হেলেনার বাবা সুমনকে ৩ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দেন। প্রায় ছয় মাস ধরে বিদেশে যাওয়ার কথা বলে হেলেনাকে তাঁর বাবার বাড়ি থেকে আরও দুই লাখ টাকা এনে দিতে বলেন সুমন। এতে রাজি না হওয়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন হেলেনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত ১৬ আগস্ট হেলেনাকে মারধর করেন সুমন। এরপর হেলেনাকে তাঁর বড় বোন সেলেনা আক্তারের বাড়ির সামনে ফেলে রেখে যান তিনি। পরে হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। সুস্থ হওয়ার পর হেলেনা বাবার বাড়িতে চলে আসেন।

হেলেনার চাচা মো. ওলিমুদ্দিন বলেন, এই ঘটনায় গত ২২ আগস্ট হেলেনা মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে নির্যাতনের অভিযোগে স্বামী সুমন, শ্বশুর আবদুল করিম, শাশুড়ি মতি বেগম ও ভাশুর সরল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। এরপর গত ৩০ অক্টোবর যৌতুকের দাবির অভিযোগে একই আসামিদের বিরুদ্ধে একই আদালতে আরেকটি মামলা করেন তিনি।

ওলিমুদ্দিন আরও বলেন, হেলেনাকে মারধর করার পর সুমন বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। পরে তাঁর আত্মীয়স্বজন জানান, সুমন মালয়েশিয়া গেছেন। গত মঙ্গলবার বিকেলে হেলেনার মুঠোফোনে কল দেন সুমন। এ সময় তাঁকে বকাঝকা করে তালাক দেওয়ার হুমকি দেন তিনি। রাত নয়টার দিকে হেলেনা বাড়িতে ইঁদুর মারার ওষুধ খান। তাঁকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হেলেনা মারা যান।

গতকাল বুধবার সন্ধ্যায় ওলিমুদ্দিন বলেন, বিকেলে হেলেনার মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বক্তব্য নিতে সুমনের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। পলাতক থাকায় তাঁর মা-বাবার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।