নড়াইলে ববিতা খানম নামের একজন গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনের ঘটনায় দোষী ব্যক্তিদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে ১৮ মে নড়াইলের জেলা প্রশাসক ও লোহাগড়া থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে।
এদিকে নির্যাতনের ঘটনার দশম দিন গতকাল রোববার সন্ধ্যা পর্যন্ত পুলিশ মূল আসামি স্বামী শফিকুল শেখকে গ্রেপ্তার করতে পারেনি। আর হাসপাতাল ছেড়ে গতকাল বিকেলে বাসায় পৌঁছান নির্যাতনের শিকার ওই নারী। তবে মাত্র দুই ঘণ্টা পরই তাঁর বাসায় গিয়ে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন। বাসায় ফের অসুস্থতা অনুভব করায় তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে ইউএনও দাবি করেন।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল ওই আদেশ দেন। এ ছাড়া নির্যাতনের শিকার নারীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি নির্দেশ দেন আদালত।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গতকাল এ রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
রিট আবেদনে সংযুক্ত করা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ এপ্রিল নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামের গৃহবধূ ববিতাকে (২১) গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে তিনি চেতনা হারান। আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ববিতার মা খাদিজা বেগম ৫ মে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ববিতার স্বামী সেনাসদস্য শফিকুল শেখ, ভাশুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচাশ্বশুর কালাম শেখ এবং কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় মাতব্বর আজিজুর রহমানকে আসামি করা হয়।
ধরাছোঁয়ার বাইরে মূল আসামি: নির্যাতনের ১০ দিন পার হলেও মূল আসামি এখনো গ্রেপ্তার হননি। পুলিশ জানায়, মামলার দিন রাতেই পুলিশ এজাহারভুক্ত আসামি কালাম শেখকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। শনিবার হিরু শেখকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, শফিকুল সিলেট সেনানিবাসে ৩৮ বেঙ্গল রেজিমেন্টে সিপাহি হিসেবে কর্মরত। সেখানকার অধিনায়ককে লিখিতভাবে ঘটনা এবং মামলার বিষয়ে জানানো হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
নির্যাতনে নেতৃত্বদানকারী: ববিতা ও তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতনে নেতৃত্ব দিয়েছেন আজিজুর রহমান। দফায় দফায় পেটানোর সময় তিনি নিজেও এতে অংশ নেন।
এ অভিযোগের ব্যাপারে আজিজুরের মুঠোফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। তা ছাড়া মামলার পর থেকেই তিনি পলাতক।
চিন্তিত পরিবার: ববিতার পরিবার জানায়, ববিতা স্নাতক (পাস) প্রথম বর্ষের ছাত্রী। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি মেজো। কৃষিজীবী এই পরিবারটির অভিভাবক বাবা ইসমাইল মোল্লা বয়সের ভারে ন্যুব্জ। ববিতার ছোট বোন পড়াশোনা করেন। তবে দুই ভাই অর্থাভাবে পড়াশোনা করতে পারেননি। জমিজমা তেমন নেই। কোনোরকমে চলে সংসার।
মেয়ের ভবিষ্যৎ ও সেই সঙ্গে মামলার খরচ নিয়ে চিন্তিত ববিতার মা খাদিজা বেগম। গতকাল তিনি বলেন, ‘মামলার খরচ চালাতে তো টাকা লাগবে। এ খরচ কীভাবে মেটাব? আসামিরা প্রভাবশালী। আমরা অসহায়। তাদের সামাল দেওয়াই তো কঠিন।’
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আসাদ-উজ-জামান মুন্সী বলেন, ‘মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল, তা উন্নতির দিকে। তবে সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। এটি কাটিয়ে উঠতে সময় লাগবে।’
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, ‘আশা করা হচ্ছে অন্য আসামিরাও দ্রুতই গ্রেপ্তার হবে।’
ঘটনার প্রেক্ষাপট: ববিতা ও তাঁর পরিবারের সদস্যরা জানান, শালবরাত গ্রামের ছালাম শেখের ছেলে সেনাসদস্য শফিকুল শেখের সঙ্গে এড়েন্দা গ্রামের ববিতার প্রেমের সম্পর্ক ছিল। ২০১৩ সালের ২১ নভেম্বর শফিকুলের চাচা কালাম শেখ ও ওমর শেখের উপস্থিতিতে ববিতাদের বাড়িতে দুজনের বিয়ে হয়। তবে এটা মেনে নেয়নি শফিকুলের পরিবার। একপর্যায়ে শফিকুলও ববিতাকে এড়িয়ে চলতে শুরু করেন। এ নিয়ে একাধিকবার সালিস হলেও দুপক্ষের মধ্যে মিটমাট হয়নি। এ অবস্থায় ববিতা গত ৩০ এপ্রিল শফিকুলদের বাড়ি গেলে আওয়ামী লীগ নেতা আজিজুরের নেতৃত্বে তাঁকে নির্যাতন করা হয়।
এ নিয়ে গত শুক্রবার প্রথম আলোয় ‘গাছের সঙ্গে বেঁধে তরুণীকে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়।