নির্যাতনমূলক ব্যবস্থার কারণে অপূরণীয় ক্ষতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রতিটি থানাই একেকটি নির্যাতনের কারখানা। প্রতিদিন সেখানে নির্যাতন করা হয়, কিন্তু নির্যাতনকারীরা পেয়ে যায় পরিপূর্ণ দায়মুক্তি। আর এই দায়মুক্তি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে নির্যাতনের নতুন ধরন দাঁড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন।
মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক সময় খুবই কাছ থেকে আটক ব্যক্তিদের পায়ে গুলি করেন। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে পা হারানো শতাধিক মানুষকে চিহ্নিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পুলিশ নতুন এক ঘুষ-বাণিজ্য শুরু করেছে: ‘টাকা দাও, নইলে পায়ে গুলি খাও’। এই অবস্থায় সরকারবিরোধী নেতা-কর্মীদের করার কিছুই নেই। কেননা, বিরোধীপক্ষে থাকায় তাঁদের শিক্ষা দিতে চায় সরকার। যাঁরা গরিব, ঘুষের পয়সা জোগাতে পারেন না, তাঁরা একেবারেই নিরুপায়। অল্প কিছু মানুষ, যাঁরা দর-কষাকষি করতে পারেন, পুলিশকে ঘুষ দেওয়ার সামর্থ্য আছে বা ক্ষমতাধরদের প্রভাবিত করতে পারেন, তাঁরাই কেবল নিজেদের পা রক্ষা করতে পারেন।
এ ছাড়া বাংলাদেশে মানবাধিকার কর্মী ও সংগঠন, আইনজীবী, বিচারক ও বিচারব্যবস্থা এবং গণমাধ্যম কীভাবে চাপের মুখে কাজ করছে, তা তুলে ধরা হয় বিবৃতিতে। বলা হয়, এতে বিচারব্যবস্থা, গণতন্ত্র ও আইনের শাসনের অপূরণীয় ক্ষতি হচ্ছে। এ সবকিছুই হচ্ছে মূলত ক্ষমতালোভী কিছু মানুষের কারণে। তাঁরা চান, নির্যাতনের এই ব্যবস্থা টিকে থাকুক।