নির্যাতনে আহত নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন বিধবা মাকুলি বেগম (৩৫)। বহু কষ্টে সঞ্চয় করেছিলেন ৩৫ হাজার টাকা। সুদের ব্যবসা করা স্থানীয় একটি চক্র মুনাফা দেওয়ার কথা বলে সেই টাকা ধার নেয়। পাওনা টাকা চাইতে গিয়ে ওই চক্রের পাশবিক নির্যাতনের শিকার হন মাকুলি। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাকুলি বেগম পিরোজপুর পৌরসভার খুমুরিয়া এলাকার মৃত বাবুল সরদারের স্ত্রী। তাঁর সুমি আক্তার (১৭) ও রুম্মান (৬) নামের দুটি সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর আগে স্বামী মারা যায় মাকুলির। ঝিয়ের কাজ করে খেয়ে না-খেয়ে ৩৫ হাজার টাকা জমিয়েছিলেন। মুনাফার কথা বলে প্রতিবেশী হারুন মিয়ার স্ত্রী আনজিল বেগম টাকাটা ধার নেন। মাকুলি কয়েক দিন ধরে টাকাটা ফেরত চাইছিলেন। গত শুক্রবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে মাকুলিকে বাড়িতে ডেকে নেন আনজিল। পরে সেখানে প্রভাবশালী মো. মহারাজের নেতৃত্বে হারুন ও আনজিল মাকুলিকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে পাশের নদীতে নিয়ে চুবিয়ে হত্যার চেষ্টা করেন। এ সময় স্থানীয় যুবক রুবেল ও আলামিন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেন। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল সাতটায় তিনি মারা যান।

মাকুলির মেয়ে সুমি বলে, ‘আব্বা মরার পর মা-ই ছিল আমাগো সব। তাঁরে এমনে মারল। আনজিল গো ভয়ে কেউ বাঁচাইতে আইল না।’

পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শংকর কুমার ঘোষ বলেন, মাকুলির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাঁর যৌনাঙ্গও লাঠিপেটায় ক্ষতবিক্ষত ছিল। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল তাঁর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে খুলনা পাঠানো হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, মারধরের অভিযোগে নয়জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার ৩ নম্বর আসামি বাবুল শেখকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পলাতক।