নির্যাতনে গৃহকর্মীর মৃত্যু, তিন লাখ টাকায় সমঝোতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর্ত্রীর দেওয়া গরম পানিতে ঝলসে বিনা চিকিৎসায় গৃহকর্মী জুঁইয়ের (১২) মৃত্যুর বিষয়টি তিন লাখ টাকায় সমঝোতা করার অভিযোগ উঠেছে। পুলিশি হয়রানির ভয়ে বাড়ির কর্তা তাকে কোনো চিকিৎসা করাননি বলে স্বীকার করেছেন।

ঘটনাটি সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই জুঁইয়ের গ্রামের বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়। জুঁই পঞ্চগড়ের বোদা উপজেলার কুড়ালীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। এ ঘটনায় স্থানীয় লোকজন ওই গৃহকর্তা ও তাঁর স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জুঁইয়ের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে গৃহপরিচারিকার কাজ করতে জুঁইকে নিয়ে যাওয়া হয় দিনাজপুরে বসবাসরত বোদা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমানের মেয়ের জামাই আলমগীরের বাসায়। আলমগীরের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুরে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কর্মরত। তুচ্ছ কারণে জুঁইয়ের ওপর নির্যাতন করতেন আলমগীর ও তাঁর স্ত্রী লায়সা বেগম। কিন্তু গরিব হওয়ায় নির্যাতন সহ্য করেই ওই বাড়িতে কাজ করত জুঁই। তিন মাস আগে তার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। এই তিন মাসে পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। জুলাই মাসের শেষ দিকেনির্যাতনের একপর্যায়ে লায়সা ফুটন্ত গরম পানি জুঁইয়ের গায়ে ঢেলে দেন। এতে জুঁইয়ের শরীরের অধিকাংশ অংশ ঝলসে যায়। ঝলসানো শরীরের যন্ত্রণায় চিৎকার করলেও পুলিশি হয়রানির ভয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি তার মা-বাবাকেও জানানো হয়নি। এভাবে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে গত বৃহস্পতিবার সকালে মারা যায় জুঁই। পরে তাঁরা জুঁইয়ের লাশ তার গ্রামের বাড়ি কুড়ালীপাড়ায় নিয়ে এলে মেয়ের শরীরের ঝলসানো চেহারা দেখে পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী চমকে ওঠেন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী আলমগীরকে মারধর করেন। আলমগীর পালিয়ে গেলেও স্ত্রী ধরা পড়েন। পরে প্রায় তিন লাখ টাকায় বিষয়টি সমঝোতা করে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়।

 নাম প্রকাশে অনিচ্ছুক জুঁইয়ের এক আত্মীয় বলেন, ‘ভাই বিষয়টি নিয়ে একটু চুপ থাকেন। আমরা আপনাদের সঙ্গে দেখা করব। গরিব মানুষ টাকা পাচ্ছে, ক্ষতি কী? শুধু আপনারা একটু সহযোগিতা করেন।’

এ বিষয়ে গৃহকর্তা আলমগীরের সঙ্গে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে গিয়ে বলেন, ‘গরম পানির ওপর জুঁই পড়ে গিয়েছিল। পুলিশি হয়রানির ভয়ে আমি বাড়িতেই ওর চিকিৎসা করাই। গত বৃহস্পতিবার সকালে সে মারা যায়।’ তবে গরম পানিতে ঝলসে যাওয়া মেয়ের খবর কেন তার বাবাকে জানানো হয়নি, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি আলমগীর।

পঞ্চগড় বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। কিন্তু এখানে এ বিষয়ে কোনো মামলা হবে না। মামলা করতে হলে ঘটনাস্থলের সংশ্লিষ্ট থানায় করতে হবে।’