নির্যাতনে গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় নির্যাতনের শিকার হয়ে রোকসানা আক্তার (১৫) নামে এক গৃহকর্মীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রোকসানা। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। রোকসানার মা জাহেদা খাতুনের অভিযোগ, গৃহকর্তা ফরিদ হোসেনসহ তাঁর পরিবারের সদস্যরা নির্যাতন করায় রোকসানা মারা গেছে। ফরিদ হোসেন ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। তবে ফরিদ হোসেনের ছেলে ফাইয়াজকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে।
জাহেদা বেগম বলেন, সাত-আট বছর ধরে রোকসানা ধানমন্ডি ২৭ নম্বরের ফরিদ হোসেনের বাসায় কাজ করত। রোববার তাঁরা খবর পান, তাঁর মেয়েকে স্থানীয় পদ্মা জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বেতনের টাকা চাইলে রোকসানাকে নির্যাতন করা হতো।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ফাইয়াজ পুলিশকে জানান, ১৮ অক্টোবর রোকসানাকে বকাঝকা করায় সে ছাদ থেকে লাফ দেয়।