নির্যাতনে গৃহবধূর মৃত্যু স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা শহরের নতুনবাজার কলোনি মহল্লায় মারধরে আহত এক গৃহবধূ গতকাল শনিবার মারা গেছেন। গৃহবধূর পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তাঁদের মেয়ে মারা গেছে।
নিহত গৃহবধূর নাম ইসরাত পাপ্পী (২৫)। এ ঘটনায় নিহত ইসরাতের স্বামী আশিকুর রহমান ওরফে বুদাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আশিকুর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে তাঁর বড় ভাই রশিদুল ইসলাম ও ভাতিজাকে (১৪) দায়ী করেছেন। রশিদুল ও তাঁর ছেলে আত্মগোপন করেছেন।
ইসরাতের বড় বোন ও একই মহল্লার বাসিন্দা শাহনাজ বেগম (৪০) বলেন, গতকাল সকালে আশিকুরের বড় ভাই রশিদুল তাঁর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় ইসরাতের বড় মেয়ে মিমকে (৬) গালি দেন। এর প্রতিবাদ করলে ইসরাতের সঙ্গে রশিদুলের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রশিদুল, রশিদুলের মা ও ছেলে ইসরাতকে মারধর করেন। ঘটনা শুনে আশিকুর বাড়ি এসে তাঁর বড় ভাই, মা ও স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে তিনি তাঁর স্ত্রীকে জোরে ধাক্কা দেন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেলে তিনি মারা যান।
ইসরাতের মা আমেনা বেওয়া (৫৫) বলেন, প্রায় আট বছর আগে আশিকুরের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। আশিকুর নেশা করে প্রায় সময় তাঁর মেয়ের ওপর নির্যাতন চালাত।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, মারধরের ঘটনাটি সকাল সাড়ে নয়টার দিকে ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ বেলা তিনটায় মারা যান। নিহতের মা আমেনা বেওয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। লাশের ময়নাতদন্ত করা হবে।