নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার শল্লা গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে মিনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহত মিনার স্বামী দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।
নিহত মিনা আক্তার সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জুবলী গ্রামের আবদুল হকের মেয়ে। মিনার বাবা বলেন, চার বছর আগে সদর উপজেলার শল্লা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই যৌতুকের জন্য মিনার ওপর শারীরিক নির্যাতন চালাত। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।
আবদুল হক অভিযোগ করেন, রোববার গভীর রাতে যৌতুকের জন্য স্বামী ও পরিবারের সদস্যরা মিনাকে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে মিনা জ্ঞান হারায়। ভোরে মিনাকে স্বামী দেলোয়ার হোসেন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গৃহবধূ মিনাকে মৃত ঘোষণার সঙ্গে সঙ্গে লাশ রেখে দেলোয়ার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যক্তিরা তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সুধারাম থানা-পুলিশ এসে দেলোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ভিসেরা সংরক্ষণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগে মিনার বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।