নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গত শুক্রবার স্বামীর নির্যাতনে এক গৃহবধূ মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।
নিহত গৃহবধূর নাম পুতুল (২৫)। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলা জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আবুল খায়েরের মেয়ে।
পুতুলের বড় বোন মাহফুজা বেগম শুক্রবার রাতে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বলেন, পাঁচ বছর আগে কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামের নওয়াব আলীর ছেলে সোহেলের সঙ্গে পুতুলের বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে সোহেলের পরিবার। কিন্তু তাঁদের বাবা ৩০ হাজার টাকা দেন। বাকি ২০ হাজার টাকার জন্য পুতুলকে প্রায় নির্যাতন করতেন সোহেল। এ নিয়ে কয়েকবার সালিসও হয়।
মাহফুজা আরও বলেন, শুক্রবার সকালে তিনি বোনকে দেখতে হরিহরপুর গ্রামে যান। বাড়িতে কাউকে না পেয়ে তিনি সোহেলকে ফোন দেন। সোহেল তাঁকে বলেন, পুতুল অসুস্থ। তিনি বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ সময় তিনি (মাহফুজা) স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সোহেল তাঁকে বলেন, পুতুল মারা গেছেন। একটু পর সোহেল সেখান থেকে পালিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা জুলেখা বেগম বলেন, নিহত গৃহবধূর গলা ও পিঠেও অসংখ্য অঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মশিউর রহমান বলেন, পুতুলকে শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এর আধা ঘণ্টা পরেই তিনি মারা যান।
পুতুলের ভাই মোজাম্মেল হকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেলে পাঠিয়েছে। বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শাকিলা পারভীন বলেন, মামলা না হওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে শুক্রবার রাতেই একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর পুতুলের মৃত্যুর কারণ জানা যাবে।