নির্যাতনের অভিযোগে এসআইকে প্রত্যাহার
টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে ফাঁড়িতে আটকে নির্যাতনের অভিযোগে এক উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার টাঙ্গাইল পুলিশ লাইনে তাঁকে প্রত্যাহার করা হয়।
ওই পুলিশ কর্মকর্তার নাম নূর ইসলাম। তিনি মির্জাপুর উপজেলার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
এলাকাবাসী জানান, গত বুধবার উপপরিদর্শক (এসআই) নূর ইসলাম আমতৈল গ্রামের পাঁচ গৃহবধূকে আটক করেন। এর প্রতিবাদে সন্ধ্যায় এলাকাবাসী ফাঁড়ি ঘেরাও করলে পুলিশ তাঁদের ছেড়ে দেন। পরদিন ওই এসআইকে প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী গোড়াই-সখীপুর সড়কে বিক্ষোভ ও আবার ফাঁড়ি ঘেরাও করেন। খবর পেয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ ঘটনাস্থলে গিয়ে নূর ইসলামকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে এলাকাবাসীকে শান্ত করেন।
বৃহস্পতিবার ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে এসআই নূর গতকাল সকালে বাঁশতৈল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ইদ্রিস মিয়াকে ধরে ফাঁড়িতে নিয়ে নির্যাতন করে থানায় পাঠান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী সড়ক অবরোধ করেন। খবর পেয়ে স্থানীয় সাংসদ একাব্বর হোসেন থানায় আটক ইদ্রিস মিয়াকে ঘটনাস্থলে নিতে পুলিশকে নির্দেশ দেন। পরে ওসি ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পেরে ইদ্রিস মিয়াকে ছেড়ে দেন। এ সময় এসআই নূরকে প্রত্যাহার করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
ওসি বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসআই নূর ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।