নির্যাতনের পর গৃহবধূর চুল কেটে দেন স্বামী
‘আসলে আমাকে ওর (স্বামী) পছন্দ না। ওর ভাই, বোন, ভাবি কয় (বলে) তোর বউ ভালো না, ওকে ছাড়া দে। স্বামী এ নিয়ে প্রায়ই মারধর করে। যৌতুকের টাকা চায়। পরিবারের অন্যরা কয়, স্বামী যা চায়, তা আনি দিতে পারো না।’ আজ মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের মেঝেতে শুয়ে এভাবেই বললেন স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ শাপলা খাতুন।
যৌতুকের টাকা দাবি করে শুধু শারীরিক নির্যাতন নয়, একপর্যায়ে তাঁর মাথার চুল কেটে দেন স্বামী সোহেল রানা। স্ত্রীর লম্বা চুল ঘাড় পর্যন্ত কেটে দিয়েছেন তিনি। শারীরিক ও মানসিক যন্ত্রণা নিয়ে এখন হাসপাতালে ফুঁপিয়ে কাঁদছেন ২৭ বছর বয়সী শাপলা।
দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, শাপলা খাতুন শুয়ে আছেন হাসপাতালের মেঝেতে। পাশে মা-বাবা ও বোন। সঙ্গে শাপলার সাত মাসের মেয়ে। স্বামীর এমন নির্যাতনের বিষয়ে জানতে সোহেল রানার মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। শ্বশুরবাড়ির লোকজন জানান, শাপলা ভালো মেয়ে। তাঁকে সোহেলই মারধর করতেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শাপলার বাবার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামে। তিন বছর আগে শাপলা খাতুনের বিয়ে হয় একই উপজেলা মঙ্গলবাড়িয়া এলাকার সবেদ আলীর ছেলে সোহেল রানার সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় অমানুষিক নির্যাতন। গত রোববার রাতে সোহেল রানা দেড় লাখ টাকা যৌতুক হিসেবে শাপলার বাবার বাড়ি থেকে আনতে বলেন। কিন্তু বাবা গরিব হওয়ায় এত টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ক্ষিপ্ত হন সোহেল রানা। লাঠি দিয়ে স্ত্রীকে বেদম প্রহার করেন তিনি। পরে অচেতন অবস্থায় কেটে ফেলা হয় স্ত্রীর মাথার চুল।
হাসপাতালে চিকিৎসাধীন শাপলা খাতুন প্রথম আলোকে বলেন, মারধরের সময় পরিবারের অন্য সদস্যরা থাকলেও কেউ এগিয়ে আসেনি। নিজের সাত মাসের কন্যাশিশুর সামনেই পেটানো হয়েছে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। চেতন হলে দেখতে পান মাথার চুল কাটা। এ সময় তিনি তাঁর বাবাকে ফোন করে বিষয়টি জানান।
শাপলা খাতুনের বাবা সাইফুল মৃধা বলেন, ‘সোমবার মেয়ে ফোন করে কান্না করে জানায় তাঁকে মারধর করা হয়েছে। মাথার চুল কেটে দেওয়া হয়েছে। এ কথা শোনার পরপরই মেয়ের বাড়িতে যাই। স্থানীয় কাউন্সিলের সহায়তায় পুলিশ নিয়ে মেয়েকে ওই বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। থানায় মামলা করা হবে।’
শাপলার সাত মাসের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন বড় বোন রিক্তা খাতুন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই শিশুটির এখন কী হবে। এর মুখের দিকে তাকালেই বুক চেপে আসে। ওর মাকে বিভিন্ন সময় মানসিক ও শারীরিক নির্যাতন করা হতো। এটা বোন ফোনে জানাত। স্বামীর ঘর বলে কোনো প্রতিবাদ করত না। এখন সোহেলের উপযুক্ত শাস্তি চাই।’
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘স্বামীর নির্যাতনের আঘাত নিয়ে শাপলা নামে এক নারী হাসপাতালে ভর্তি হয়েছে। শাপলার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথার চুলও কাটা। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আশঙ্কামুক্ত।’
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।
ঘটনার ৪৮ ঘণ্টা হয়ে গেলেও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম এখন পর্যন্ত গৃহবধূ নির্যাতনের বিষয়টি জানেন না। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।