নির্যাতনের প্রতিবাদ করায় কুপিয়ে আহত
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার উদনাপাড়া গ্রামে গত রোববার রাতে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করা হয়েছে। যৌতুকের দাবিতে ভাতিজিকে নির্যাতনের প্রতিবাদ করায় জামাতা ও তাঁর লোকজন ওই ব্যক্তিকে কোপান বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম হোসেন আলী (৫৫)। তাঁর বাড়ি উদনাপাড়া গ্রামে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, হোসেন আলীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, তিন বছর আগে উদনাপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে ইসমতারা বেগমের সঙ্গে একই গ্রামের মো. শহীদুল্লাহর বিয়ে হয়। এরপর থেকে দেড় লাখ টাকা যৌতুকের দাবিতে ইসমতকে বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলেন শহীদুল্লাহ। তা সহ্য করতে না পেরে দেড় মাস আগে ইসমতারা বাবার বাড়ি আসেন। এ ঘটনায় এক মাস আগে শহীদুল্লাকে আসামি করে ইসমতারা আদালতে মামলা করেন। এর জের ধরে শনিবার শহীদুল্লাহর বাড়ি গিয়ে ভাতিজিকে নির্যাতনের প্রতিবাদ করেন হোসেন আলী। পরদিন রোববার রাতে শহীদুল্লাহ ও তাঁর লোকজন হোসেন আলীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে পাটখেতে আহত অবস্থায় ফেলে যান।