নির্যাতনের বর্ণনা দিলেন সেই নারী
‘আমার তো সবই গেল! বেঁচে থেকে আর কী লাভ? আমার নির্যাতনের কাহিনি তো সবাই জানে, আমার তো আর সংসার হবে না।’ এ কথা বলতে বলতে পুলিশের সামনে কান্নায় ভেঙে পড়েন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করা তৈরি পোশাক কারখানার সেই নারী শ্রমিক।
জবানবন্দি নেওয়ার জন্য পুলিশ গতকাল বৃহস্পতিবার ওই নারীকে থানায় ডেকে আনে। বাবাকে সঙ্গে নিয়ে অসুস্থ ওই নারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসির) কক্ষে বসে নির্যাতনের বর্ণনা দেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা ওসির কক্ষে ভিড় জমান।
ওই নারীর অভিযোগ, বাসের চালকসহ চারজন তাঁর ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় তিনি কান্নাকাটি করলে মুখে গামছা বেঁধে দেওয়া হয় ও হত্যার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাঁকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ও গণমাধ্যমকর্মীদের সামনে এসব বলার সময় ওই নারী কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাঁর বাবাসহ অনেকেই কান্না ধরে রাখতে পারেননি।
গত সোমবার রাতে ওই নারী শ্রমিক ছুটির পর বাড়ি ফেরার পথে বাসে ওঠেন। একপর্যায়ে ঘুমিয়ে পড়েন। গন্তব্যে পৌঁছে অন্য যাত্রীরা সবাই নেমে গেলে চালকসহ চারজন তাঁকে ধর্ষণ করে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার পরের দিন পুলিশ বাসের চালকের সহকারী রুবেল মিয়াকে গ্রেপ্তার করে। রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।