নির্যাতনের শিকার কিশোরী হাসপাতালে কাতরাচ্ছে
বরগুনার আমতলী উপজেলায় বাল্যবিবাহের শিকার এক কিশোরী স্বামী ও শাশুড়ির নির্দয় নির্যাতনে গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাতরাচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিবেশীরা হামিদা আক্তার (১৪) নামের ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
জানা গেছে, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের তিতকাটা গ্রামের হাবিব মিয়ার মেয়ে হামিদা আক্তারের সঙ্গে দুই বছর আগে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের আনিস গাজীর ছেলে আব্বাসের (১৮) বিয়ে হয়। ১ এপ্রিল হামিদার কোলজুড়ে আসে একটি ছেলেসন্তান। গত সোমবার দুপুরে ওই শিশুকে কোলে নিয়ে আদর করছিল হামিদা। আব্বাস বাড়ি এসে তা দেখে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে হামিদাকে বেধড়ক পেটান। হামিদার চিৎকারে শাশুড়ি ছুটে এসে তিনিও ছেলের সঙ্গে মিলে হামিদাকে মারধর করেন। এভাবে সোমবার দুপুর ও রাতে হামিদাকে কয়েক দফা পিটিয়ে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। গতকাল সকালে প্রতিবেশীরা টের পেয়ে হামিদাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন হামিদা জানায়, বাবা গরিব হওয়ায় বিয়ের বয়স না হলেও উভয় পরিবারের সম্মতিতে দুই বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পরই স্বামী আব্বাস যৌতুকের জন্য তাকে নির্যাতন শুরু করেন। সামান্য বিষয় নিয়ে প্রায়ই তাকে মারধর করতেন আব্বাস। বিয়ের কয়েক মাস যেতে না-যেতেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ে হামিদা। গর্ভধারণের কথা জানতে পেরে স্বামী আব্বাস আরও ক্ষিপ্ত হন ও গর্ভপাতের জন্য চাপ দেন। কিন্তু হামিদা তাতে রাজি না হওয়ায় তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে কয়েক মাস সে বাবার বাড়িতে গিয়ে থাকে। ১ এপ্রিল হামিদার একটি ছেলেসন্তান হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি মেনে নিতে পারেননি। তাঁরা প্রতিদিন হামিদার ওপর শারীরিক নির্যাতন চালান।
গতকাল দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হামিদার শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন। মুখমণ্ডলের একাংশ ফোলা। তীব্র ব্যথায় কাতরাচ্ছে সে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী গৌরাঙ্গ হাজরা জানান, হামিদার পিঠ ও শরীরের বিভিন্ন অংশে লাঠি দিয়ে পেটানোর ফলে ফুলে রক্ত জমাট হয়ে আছে। এ ছাড়া মুখমণ্ডলের একাংশ ফোলা। তবে পিঠের আঘাতগুলো গুরুতর।
হামিদার বাবা হাবিব মিয়া বলেন, ‘বাবা, আমরা গরিব মানুষ। ঠিকমতো দুই বেলা খাওন জোটে না। হেইতে মাইয়্যাডারে অল্প বয়সে বিয়া দিছিলাম। এহন দেহি হেইডা খুব অন্যায় কাম অইছে। আমার মাইয়্যার উপরে যে নির্যাতন অইছে, বাপ অইয়্যা হেইয়্যা আমার দ্যাহন লাগদেছে। সবই আমার কপাল!’
থানায় জানিয়েছেন কি না—জানতে চাইলে হাবিব মিয়া বলেন, ‘বিচার চাইয়্যা কী অইবে। আমরা গরিব, কেডা এই অন্যায়ের বিচার করবে!’