নির্যাতনের শিকার গৃহকর্মী হাসপাতালে ভর্তি
টাঙ্গাইলে নির্যাতনের শিকার গৃহকর্মী আর্জিনা বেগমকে (১৩) গতকাল রোববার নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আর্জিনাকে নির্যাতনের কথা অস্বীকার করেছেন গৃহকর্তা তাজুল ইসলাম।
আর্জিনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আরজি শেখ সিন্ধু গ্রামের আনছার আলীর মেয়ে।
আর্জিনার মা আনজু বেগম বলেন, ‘আমার তিন মেয়ে, এক ছেলের মধ্যে আর্জিনা সবার বড়। অসচ্ছলতার কারণে ২০০৯ সালে আর্জিনাকে টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকার সিংনাতপাড়ার তাজুল ইসলামের বাড়িতে গৃহকর্মীর কাজের জন্য পাঠাই। তখন আর্জিনার বয়স ছিল ছয় বছর। প্রথম দিকে মেয়েটি সেখানে ভালোই ছিল। তাঁরা প্রতি ঈদে তাকে বাড়িতে পাঠাত। আমাদের জন্য নতুন জামা–কাপড়ও আনত। প্রায় ছয় মাস ধরে মেয়ের সঙ্গে কথা বলা যাচ্ছিল না। প্রায় এক বছর ধরে তাজুলের স্ত্রী আমেনা বেগম ও মেয়ে লাভলী আক্তার তাকে নির্যাতন করছিল।’
আনজু বেগম আরও বলেন, ‘আর্জিনার সঙ্গে কথা বলতে ফোন দিলে গৃহকর্তা তাজুল বলতেন, এখন আমি বাইরে আছি, বাসায় গিয়ে কথা বলায় দিব। কিন্তু আর কথা হয় না। রমজানের ঈদে মেয়েটি আসেনি, বলেছিল কোরবানির ঈদে পাঠাবে। কিন্তু কোরবানির ঈদে তাকে না পাঠানোয় আমাদের সন্দেহ হয়। এরপর গত বৃহস্পতিবার বিকেলে তার (আর্জিনা) দাদা নুর মোহাম্মদ তাকে আনতে যান। সেখানে গিয়ে দেখেন সে বিছানা থেকে উঠতে পারছে না। তাকে অনেক কষ্টে গত শনিবার সকালে বাসে করে টাঙ্গাইল থেকে ডিমলার গয়াবাড়ী ইউনিয়নের সুটিবাড়ীতে তার নানার বাড়তে নিয়ে আসেন। মেয়েটির এ অবস্থা দেখে গয়াবাড়ীর ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়াজমিন ইসলাম বলেন, আর্জিনার ডান হাতের বাহুর হাড় ভাঙা, শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন। তবে তাজুল গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আর্জিনাকে নির্যাতন করা হয়নি। তার ডান হাতের ও কোমরের হাড় ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার এখানে আসার আগে থেকে সেটি ভাঙা ছিল, তখন সে বলেছিল গাছ থেকে পড়ে নাকি তার হাড় ভেঙেছে। তার ঘা হয়েছিল। শরীরের দাগগুলো ঘায়ের দাগ। আর গলার সাদা দাগটি আগে ছোট ছিল, এখন সেটি বাড়ছে।’
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি।’ ইউএনও মো. রেজাউর করিম বলেন, ‘বিষয়টি জানার পর মেয়েটিকে হাসপাতালে ভর্তি করাতে বলেছি। চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা দিতে বলেছি। সেখানে গিয়ে আরও খোঁজখবর নেব।’