নির্যাতনের শিকার গৃহকর্মীদের ৮০ শতাংশই শিশু
নির্যাতনের শিকার গৃহকর্মীদের প্রায় ৮০ শতাংশই শিশু। গত এক বছরে ৬০টি গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ৪৭ জন আক্রান্তের বয়স ১৮ বছরের নিচে। এর মধ্যে ২৩টি ঘটনায় আক্রান্তের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলসের বয়সভিত্তিক গৃহশ্রমিক দুর্ঘটনা ও নির্যাতনের চিত্রে এমনটাই দেখা গেছে।
আজ মঙ্গলবার ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ প্রণয়নের এক বছর: গৃহশ্রমিকদের অবস্থা ও উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য দেওয়া হয়। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক।
এতে আরও জানানো হয়, গত এক বছরে ২৬ জন গৃহকর্মী গৃহকর্মে নিয়োজিত অবস্থায় মারা গেছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও নির্যাতনের শিকার হয়েছেন ৪২ জন। এ ছাড়া ১৫ জন গৃহকর্মী এই সময়ে আত্মহত্যা করেছেন।
বিলসের যুগ্ম মহাসচিব মো. জাফরুল হাসান বলেন, গৃহকর্মী সুরক্ষা নীতিমালা প্রণয়নের এক বছর পার হলেও গৃহশ্রমিকদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাঁরা এখনো আগের মতো হত্যা, নির্যাতনের শিকার হচ্ছেন। গৃহকর্মীদের সুরক্ষায় নীতিমালায় সীমাবদ্ধ থাকলে চলবে না, আইন দরকার।
সভায় বক্তারা বলেন, গৃহকর্মীদের অধিকাংশই শিশু। সব সময়ই তাদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। কাজ করতে গিয়ে তারা হত্যা, ধর্ষণ, নির্যাতনের শিকার হলেও বিচার পায় না।। এমনকি সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করলেও তারা নিয়মিত মজুরি পায় না, ঘুমানোর জায়গা নেই, অনেক সময় খাবারও জোটে না। গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গৃহকর্মী ও নিয়োগকারী; উভয়ের প্রশিক্ষণ দরকার।
অক্সফামের প্রতিনিধি রোকসানা আক্তার বলেন, নীতিমালা আছে, সরকারও আন্তরিক। কিন্তু নির্যাতন কমছে না। কারণ, এখনো সচেতনতা কার্যক্রমের সঙ্গে নিয়োগকারীকে সম্পৃক্ত করা যায়নি।
তবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার বলেন, অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তবেই গৃহশ্রমিকদের ওপর নির্যাতন কমবে। পাশাপাশি এ বিষয়ে সচেতনতাও বাড়াতে হবে।
এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী, আইনজীবী, গৃহকর্মীও উপস্থিত ছিলেন।