নির্যাতনের শিকার গৃহবধূ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
বাসায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে বান্দরবানে এক গৃহবধূকে উদ্ধার ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার শহরের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কলোনি থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। তাঁকে চার বছর ধরে শারীরিক-মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে পুলিশ ও স্বজনেরা জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা গৃহবধূ নাইমা আফরোজ জানান, স্বামী সাগর চৌধুরী তাঁকে চার বছর ধরে নির্যাতন করছেন। মা ও আত্মীয়স্বজনসহ কারও সঙ্গে কথা বলা বা দেখা করতে না দিয়ে আটকে রেখেছেন। তাঁর বাড়ি কুমিল্লা দেবীদ্বার উপজেলার প্রজাপতি গ্রামে।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন জানান, গৃহবধূর মা লুৎফা বেগম অভিযোগ করায় পিডিবি কলোনি থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে জখমের চিহ্ন রয়েছে। শারীরিক-মানসিক বিপর্যস্ত ও অসুস্থ হওয়ায় তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর মা লুৎফা বেগম জানান, পিডিবির কর্মচারী সাগর চৌধুরীর সঙ্গে ২০১১ সালের ১৪ এপ্রিল তাঁর মেয়ের বিয়ে হয়। বান্দরবানে মেয়েকে নিয়ে আসার পর চেষ্টা করেও মেয়ের সঙ্গে দেখা করতে পারেননি। গত শুক্রবার এলেও দেখা করতে দেওয়া হয়নি।
বান্দরবান সদর হাসপাতাল এলাকায় পিডিবি কলোনিতে সাগর চৌধুরীর বাসার উল্টোদিকের ফ্ল্যাটের বাসিন্দা গৃহবধূ আরেফা বেগম জানান, চার বছর ধরে তাঁরা একটি মেয়ের কান্নাকাটি ও চিৎকার শুনেছেন। কিন্তু কখনো মেয়েটিকে দেখেননি। দুই দিন আগেও মেয়েটি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল।
তবে সাগর চৌধুরীর দাবি, তিনি স্ত্রীকে নির্যাতন করেননি। তাঁর অভিযোগ, নাইমা অন্য কারও সঙ্গে মুঠোফোন কথা বলত। সে কারণে ঘর থেকে তাঁকে বের হতে দেননি।
বান্দরবান থানার পরিদর্শক আমির হোসেন জানান, সাগর চৌধুরীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।