নির্যাতনের শিকার ছাত্রীর লাশ উদ্ধার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আনন্দধাম এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ছাত্রীর নাম তাহেরা খাতুন (১৬)। সে আলমডাঙ্গার বেলগাছি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামের শাহজাহান আলীর মেয়ে। তাহেরা আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবার আনন্দধাম এলাকায় ভাড়াবাড়িতে থাকত। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার এজাহার, কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মেয়ের পড়াশোনার জন্য এক বছর আগে শাহজাহান আলী আনন্দধাম এলাকার আবদুল কাদেরের বাড়ির দুটি কক্ষ ভাড়া নেন। সোমবার সকালে শাহজাহান তাঁর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি যান। তাহেরার নানিও দুপুরে ছোট মেয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে কে বা কারা তাহেরাকে ধর্ষণ করে। এ সময় ব্লেড বা ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়। পরে বিকেলে তাহেরার নানি বাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। এ সময় নানি প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ঢুকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাহেরার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজন জানান, বাড়ির মালিক আবদুল কাদেরের ছেলে বাচ্চু মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে। বাচ্চু এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বলেন, ওই কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার শরীরে আঘাতের অসংখ্য চিহ্ন রয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাজীবুল হক জানান, কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত প্রতিবেদন আসার পর সব জানা যাবে।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হুদা বলেন, আত্মহত্যায় মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও এর আগে কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।