নির্যাতনের শিকার জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার

নির্যাতনের শিকার নয় বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের মাথায় গতকাল মঙ্গলবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। তাঁরা আশা করছেন, শিশুটি শিগগির সুস্থ হয়ে উঠবে।
জান্নাতুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। গতকাল দুপুরে হাসপাতালের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন জান্নাতুলের মাথায় অস্ত্রোপচার করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, জান্নাতুলের মাথার মাঝখানে চামড়াসহ কিছু জায়গার মাংস নষ্ট হয়ে গিয়েছিল। অস্ত্রোপচার না করলে সংক্রমণে তার হাড় নষ্ট হয়ে যেত। ভবিষ্যতে আর চুল গজাত না। মাথার খুলি থেকে চামড়া আলাদা করে পুরো অস্ত্রোপচার করতে প্রায় ঘণ্টা খানেক সময় লাগে। আশা করা হচ্ছে ১০ দিনের মধ্যে শিশুটি ভালো হয়ে যাবে। অস্ত্রোপচারের সময় বার্ন ও প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালামসহ চারজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
জান্নাতুলের মা ফিরোজা বেগম সন্ধ্যায় বলেন, ‘বড় বড় স্যারেরা অপারেশন করছে। ওর জ্ঞান ফিরছে।’
গাজীপুরের জয়দেবপুরে এক বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয় জান্নাতুল। তার বাড়ি চাঁদপুরের হাইমচরে। গরম ইস্তিরি দিয়ে জান্নাতুলের মাথায় ছ্যাঁকা দেওয়ার ফলে তার মাথার তালুতে অনেকটা জায়গাজুড়ে ঘা ছিল। খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার ফলে ওর শরীরেও ছিল অসংখ্য পোড়া দাগ।
জান্নাতুলের বাড়ি যেতে মন চাইত। গৃহকর্তা ওমর ফারুক ও তাঁর স্ত্রী মণি বেগমের কাছে এ নিয়ে আবদার করত। আর এই আবদারের ‘অপরাধে’ তাকে নির্যাতন করা হয় বলে জানায় জান্নাতুলের পরিবার।
জান্নাতুলের মা ফিরোজা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, তাঁর খালাতো ভাই হাইমচরের বাসিন্দা মোস্তফা সরদার এক বছর আগে জান্নাতুলকে তাঁর ভায়রা গাজীপুরের ওমর ফারুক-মণি বেগম দম্পতির বাসায় নিয়ে যান। প্রচণ্ড মারধর ও নির্যাতনের শিকার হলে গত ঈদুল আজহার পরদিন মোস্তফা সরদার তাকে হাইমচরে নিয়ে যান।
গত ১৫ সেপ্টেম্বর জান্নাতুলকে প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ১ অক্টোবর প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রথম আলো ট্রাস্ট তার চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করছে। এ ছাড়া চিকিৎসা শেষে পুনর্বাসন ও আইনি পরামর্শ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা করবে এই ট্রাস্ট।
নির্যাতনের ঘটনায় জান্নাতুলের প্রতিবেশী শাহজাহান ভূঁইয়া বাদী হয়ে ওমর ফারুক, মণি বেগম ও মোস্তফা সরদারকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। জয়দেবপুর থানার এ মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজুল হক প্রথম আলোকে বলেন, মামলার তিনজন আসামি বর্তমানে কারাগারে আছেন। মামলা তদন্তাধীন।