শেরপুরের শ্রীবরদী উপজেলায় যৌতুকের দাবিতে পুলিশের উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে কলেজছাত্রী স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার শাশুড়ি এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
নির্যাতনের শিকার ছাত্রীর নাম আশরাফুন্নাহার লোপা। তিনি শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং জেলা শহরের দমদমা এলাকার ব্যবসায়ী আমিনুল ইসলামের মেয়ে। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্বামীর নাম মো. শাহিনুল ইসলাম। শাহিনুল শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা শাখায় (ডিবি) এসআই পদে কর্মরত আছেন।
মুঠোফোনে অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে শাহিনুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি এ ব্যাপারে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
লিখিত অভিযোগ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে শাহিনুলের সঙ্গে আশরাফুন্নাহারের বিয়ে হয়। সে সময় শাহিনুলকে ১২ ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখ টাকা মূল্যমানের আসবাব ও পাঁচ লাখ টাকা দেওয়া হয়। এরপরও আশরাফুন্নাহারের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আরও যৌতুকের দাবিতে চাপ দিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় গত ২২ মে রাতে শ্রীবরদীর ঘোনাপাড়ায় গ্রামের বাড়িতে শাহিনুল ও তাঁর পরিবারের লোকজন আশরাফুন্নাহারের ওপর শারীরিক নির্যাতন চালান। এতে আশরাফুন্নাহার অসুস্থ হয়ে পড়েন। শাহিনুল চিকিৎসার জন্য শেরপুরে নিয়ে আসার কথা বলে তাঁকে ঢাকায় নিয়ে যান। শাহিনুল রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া বাসায় তাঁকে বিনা চিকিৎসায় ফেলে রাখেন এবং পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। সেখানে আবার নির্যাতনের সংবাদ পেয়ে বাবা-মা ও আত্মীয়স্বজন গত শনিবার রাতে খিলগাঁও থানা-পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করেন। রোববার তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
গতকাল সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে আশরাফুন্নাহারের শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে ডান চোখে রক্তাক্ত জখম দেখা গেছে। এ সময় তাঁর মা সেলিনা আক্তার এ ঘটনার জন্য শাহিনুল ও তাঁর পরিবারের সদস্যদের বিচার দাবি করেন।
এদিকে নির্যাতনের সংবাদ পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ও শ্রীবরদী থানার এসআই মো. আক্তারুজ্জামান আশরাফুন্নাহারকে দেখতে হাসপাতালে যান। সেখানে নির্যাতনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়।