নির্যাতিত ওঁরাওদের সাহস দিল প্রশাসন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুরে হামলার শিকার ওঁরাও সম্প্রদায়ের গ্রামে গতকাল শুক্রবার বিকেলে সন্ত্রাস-নাশকতা রোধে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রশাসনের পক্ষ থেকে ওঁরাও সম্প্রদায়ের লোকজনকে সাহস দেওয়া হয়।
ওঁরাও সম্প্রদায়ের লোকজনের উদ্দেশে বলা হয়, কোথাও আইনশৃঙ্খলার পরিপন্থী কিছু হলে সঙ্গে সঙ্গে তাঁরা প্রশাসনকে জানাবেন। প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে। সভায় তাঁদের অভয় দেওয়া হয়। ছোট কোনো কারণেই যেন তাঁরা দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত না নেন।
গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (তানোর-গোদাগাড়ী সার্কেল) একরামুল হক, রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম, গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি, উপজেলা নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণ কুমার সরকার, দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনের সদস্য কস্তান্তিন হাসদা, ইউপি সদস্য প্রদীপ এক্কা প্রমুখ।
সভায় ওঁরাও সম্প্রদায়ের ওপর এত দিন যে ধরনের নির্যাতন করা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তা তুলে ধরতে বলা হয়। নির্যাতিত ব্যক্তিরা এর বর্ণনা দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিষয়গুলো লিখে নেন। তাঁরা এ বিষয়ে লিখিত অভিযোগ করতে বলেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
নির্যাতিত ওঁরাও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন, যারা তাঁদের ওপর হামলা করেছিল, এক দিন পরই তারা জামিনে এসে আবার তাঁদের হুমকি দিচ্ছে। তাঁরা হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।
ইউএনও জাহিদ নেওয়াজ বলেন, কেউ হুমকি দিলেই তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কয়েকজন খারাপ লোকের চেয়ে এখানকার ওঁরাও সম্প্রদায়ের লোকজন সংখ্যায় বেশি এবং শক্তিশালী। সুতরাং ছোট কোনো ঘটনা ঘটলে বা হুমকি দিলেই ভয় পেয়ে দেশ ছাড়ার কথা যেন তাঁরা চিন্তা না করেন। প্রশাসন তাঁদের পাশে রয়েছে। তাঁরা যেন কেউ মনোবল না হারান।
গত সোম ও মঙ্গলবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোদাগাড়ীর চৈতন্যপুর গ্রামের ওঁরাও সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা চালানো হয়। তাঁদের দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁরা গত বুধবার বিক্ষোভ করেছেন। তাঁরা মানববন্ধন করার প্রস্তুতি নিয়েছিলেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল। তিন দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে।