প্রশ্ন ফাঁস, ভর্তি ও নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজকে র্যাব নির্যাতন করেছিল বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। তবে র্যাব এ অভিযোগ অস্বীকার করেছে।
র্যাবের হেফাজতে থাকা অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ইউজিসির কর্মকর্তা ওমর সিরাজের মৃত্যু হয়।
গত ১৮ সেপ্টেম্বর ইউজিসির কার্যালয় থেকে ওমর সিরাজসহ তিনজনকে গ্রেপ্তার করে র্যাব-৪। তাঁদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করে র্যাব। ওই মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের হেফাজতে নেয় র্যাব। হেফাজতে থাকার সময় ওমর সিরাজ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।
গতকাল শুক্রবার সকাল থেকে ওমর সিরাজের স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ মর্গে ভিড় করেন। মর্গের সামনে ওমর সিরাজের বড় ভাই আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাঁর ভাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন না। ইউজিসির কয়েকজন কর্মকর্তার সঙ্গে তাঁর বিরোধ ছিল। তাঁদের চক্রান্তের শিকার হয়েছেন ওমর। তিনি অভিযোগ করেন, র্যাবের হেফাজতে থাকা অবস্থায় ওমরের ওপর নির্যাতন চালানো হয়েছে; যার কারণে ওমরের মৃত্যু হয়। স্বজনদের সঙ্গে কথা বলে তাঁরা এ বিষয়ে পরবর্তী কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না, সে সিদ্ধান্ত নেবেন।
ওমর সিরাজের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, তাঁর স্বামীর হৃদ্রোগ ছিল না। তিনি পুরোপুরি সুস্থ ছিলেন।
ওমরের পরিবারের অভিযোগের বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান প্রথম আলোকে বলেন, নির্যাতনের কোনো প্রশ্নই আসে না। আইন অনুসরণ করে তাঁকে (ওমর সিরাজ) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। চিকিৎসকেরা বলেছেন, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের উপস্থিতিতে ওমর সিরাজের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মির্জা জহির। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের মর্গের ভেতর থেকে ওমরের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাঁ হাতের কবজি থেকে আনুমানিক সাত ইঞ্চি ওপরে বাহুতে পুরোনো দাগের চিহ্ন ও ডান হাতের কনুইয়ের ওপর দিকে পুরোনো ক্ষতচিহ্ন রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ বলেন, ওমর সিরাজের মরদেহে উল্লেখযোগ্য কোনো আঘাত ছিল না। সুরতহালে যেসব চিহ্নের কথা বলা হয়েছে, এসবের কারণে মৃত্যু হওয়ার কথা নয়। তবে তাঁর হৃৎপিণ্ড পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি মনে করেন।