সিরাজগঞ্জের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংস দাসের বিরুদ্ধে নিলামে কেনা জিরা ও শাড়ি জব্দ করে থানায় এনে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বেশির ভাগ মালামাল বিক্রির পর সামান্য কিছু জব্দ তালিকায় দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ রেলওয়ে থানা চত্বরে এ ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ জিআরপি থানা সূত্র ও সংশ্লিষ্টদের অভিযোগ থেকে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে দিনাজপুর ও নীলফামারী থেকে ঢাকাগামী একতা ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে সিরাজগঞ্জের জিআরপি থানা পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনে ৬০০ কেজি (আট বস্তা) ভারতীয় জিরা ও ২০০টি শাড়ি জব্দ করে। এসব মালামাল জিআরপি থানায় নেওয়া হয়। সেখানে সামান্য কিছু জব্দ দেখিয়ে বাকি মালামাল বিক্রি করে দেওয়া হয়।
ওই মালামালের মালিক পক্ষের একজন বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের বাসিন্দা জুয়েল হোসেন বলেন, ‘দিনাজপুরের হিলি সীমান্ত চৌকি থেকে ১৯ জুন নিলামে ১৪ লাখ ৯৮ হাজার টাকায় দিনাজপুরের মেসার্স নিউ বর্ণালী বস্ত্র বিতানের মালিক নাসিম উদ্দীন বেশ কিছু মালামাল কেনেন। তাঁদের কাছ থেকে আমরা চার-পাঁচজন উল্লিখিত পরিমাণ জিরা ও শাড়ি কিনে ঢাকা নিয়ে যাচ্ছিলাম। সিরাজগঞ্জে এগুলো জব্দ করার পর প্রয়োজনীয় সব কাগজপত্র দেখানো হলেও পুলিশ কর্মকর্তা তা মানেননি। মালামাল চাইলে সবাইকে জেলে পাঠানো হবে বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে আমাদেরই একজন সোহেলের কাছে সব মালামাল বিক্রি করে দেন। ওসি সামান্য কিছু মালামাল জব্দ করে রেখে দেন।’
মালামাল কেনার সঙ্গে জড়িত পাবনার চাটমোহর উপজেলার আবুল কাশেম বলেন, ‘আমি মালামালগুলো বিক্রিতে সহায়তা করেছি মাত্র। কোনো মালামাল আমি নিজে নিইনি। প্রতি কেজি জিরা ১৫০ টাকা হিসাবে ২৭০ কেজি জিরার প্রায় ৪০ হাজার টাকা এবং কয়েকটি শাড়ির মূল্য বাবদ ১২ হাজার টাকা সোহেল নামের একজনের কাছ থেকে এনে ওসিকে দিয়েছি। বাকি মালামাল অন্যরা নিয়ে গেছেন। এ বিষয়ে আমি আর কিছু জানি না। তবে এগুলো নিলামে কেনার কাগজপত্র রয়েছে। বিষয়টি ওই পুলিশ কর্মকর্তাকে বলা হলেও কোনো লাভ হয়নি।’
ওসি হিমাংস দাস বলেন, ‘দুটি ট্রেনে অভিযান চালিয়ে ৬০ কেজি জিরা, ১৫ বোতল ফেনসিডিল এবং ১৬টি শাড়ি উদ্ধার করা হয়। এই মাল নিলামে কেনা কি না এ বিষয়ে আমার কাছে কেউ দাবি করেনি, কাগজপত্রও দেখায়নি। এ ছাড়া অতিরিক্ত কোনো মালামালও উদ্ধার করা হয়নি। মালামালগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।’
এ ব্যাপারে জিআরপি সৈয়দপুর জেলার পুলিশ সুপার তানজিলুর রহমান বলেন, ‘মালামাল উদ্ধারের খবর শুনেছি। তবে সেগুলো বিক্রি করে ফেলা হয়েছে—এ ব্যাপারে আমার কিছু জানা নেই। আমি অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’