নিশ্চিহ্নের পথে নূর হাজির পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক মানে বিষ
মাদক মানে বিষ
>
  • নূর হাজি ও তাঁর এক জামাতা নিখোঁজ।
  • আরেক জামাতা নিহত।
  • ছেলেদের একজন খুন।
  • একজন মাদক সেবনে মারা গেছেন।
  • একজন আত্মগোপনে।

‘প্রশাসনের লোক’ পরিচয়ে ধরে নেওয়ার সাত বছর পরও রাজধানীর আগারগাঁও এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী নূর মোহাম্মদ হাজির খোঁজ মেলেনি। পুলিশের খাতায় তিনি অন্যতম বড় মাদক ব্যবসায়ী। ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিও ছিলেন।

শুধু নূর মোহাম্মদ হাজি নন, তাঁর তিন ছেলের মধ্যে বড় ছেলে বাঘা ১৯৯৬ সালে মাদক সেবনে মারা গেছেন, ২০০৮ সালে কোরবানির পশুর হাট ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছোট ছেলে মামুনুর রশীদ। ২০১১ সালে নূর হাজি ও তাঁর জামাতা আবদুল মান্নান নিখোঁজ হলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতে শুরু করেন আরেক জামাতা জাহাঙ্গীর আলম। ২০১৪ সালে জাহাঙ্গীর আলমও খুন হন। মেজ ছেলে মিন্টু মাদকসহ কয়েকটি খুনের মামলার আসামি। তিনি এখন বিদেশে আছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, নূর হাজি, তাঁর জামাতা ও জামাতার বন্ধুর সন্ধান পাওয়া যায়নি। তাঁরা খুন বা গুম হয়েছেন কি না, তা–ও নিশ্চিত হতে পারছেন না। তবে নূর হাজির দুই মেয়ে স্বপ্না ও পারভিন আক্তার বাবার সম্পদ দেখাশোনা করছেন।

নূর হাজির পরিবারের অভিযোগ, ২০১১ সালের ১৯ অক্টোবর ঢাকার সাভার উপজেলার কাতলাপুরের পালপাড়ার বাড়ি থেকে ‘প্রশাসনের লোক’ পরিচয়ে ২০-২৫ জন নূর হাজিকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। নিখোঁজ হওয়ার ঘটনায় নূর হাজির বড় মেয়ে স্বপ্না আক্তার সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এর দেড় মাস পর ৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁও থেকে স্বপ্নার স্বামী মান্নান ও মান্নানের বন্ধু ইকবালকে একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায়ও স্বপ্না জিডি করেছিলেন শেরেবাংলা নগর থানায়।

স্বপ্না আক্তার প্রথম আলোকে বলেন, বাবা ও স্বামীকে তাঁরা এত বছর সব জায়গায় খুঁজেছেন। কিন্তু তাঁদের সন্ধান পাননি। তিনি দাবি করেন, প্রশাসনের লোকজনই তাঁদের ধরে নিয়ে গেছে।

পুলিশের তেজগাঁও বিভাগের বর্তমান উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, নূর হাজি, তাঁর জামাতা ও জামাতার বন্ধুর সন্ধান পাওয়া যায়নি। এ নিয়ে পরিবারের পক্ষ থেকেও তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি। তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

কে এই নূর হাজি

থানা ও গোয়েন্দা সূত্রগুলো জানায়, পুলিশের খাতায় নূর হাজি নগরের অন্যতম বড় মাদক ব্যবসায়ী। ১৯৯৮ থেকে ২০১০ সাল পর্যন্ত খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাড়ি দখল ও মাদক ব্যবসার অভিযোগে তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, তেজগাঁও, শেরেবাংলা নগর ও মিরপুর থানায় প্রায় দেড় ডজন মামলা হয়। ২০০৭ সালের ৩০ ডিসেম্বর আগারগাঁও থেকে নূর হাজি ও তাঁর ছোট ছেলে মামুনুর রশীদকে দুটি বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেপ্তার করে র‍্যাব।

২০১১ সালের ১৪ জানুয়ারি পশ্চিম আগারগাঁওয়ের বায়তুন নূর জামে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয় ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফজলুল হককে। তদন্তে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তারা ওই হত্যাকাণ্ডের সঙ্গে নূর হাজির সম্পৃক্ততা পান। পরে অবশ্য ওই হত্যাকাণ্ডের আগে ৮ জানুয়ারি আগারগাঁও বিএনপি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে গুলিবিদ্ধ হন নূর হাজি। তবে সেযাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।

ফজলুল হত্যা মামলার তদন্ত সম্পৃক্ত কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার হওয়া নূর হাজির নাতি জসিমউদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, নূর হাজির পরিকল্পনায় ফজলুল খুন হয়েছিলেন। এরপর নূর হাজিকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান এবং আগারগাঁওয়ের একটি মেয়েকে বিয়ে করে সাভারের পালপাড়ার নিজ বাড়িতে বসবাস শুরু করেন। এ ঘটনার পর তিনি কিছুটা আড়ালে চলে যান।

পুলিশ, গোয়েন্দা কর্মকর্তা এবং আগারগাঁওয়ের বাসিন্দারা জানান, নূর হাজি একসময় জাতীয় পার্টি করতেন , পরে আওয়ামী লীগে যোগ দেন। তাঁর ছেলেরা আগারগাঁওয়ে বস্তিতে অবৈধ বিদ্যুৎ ও পানির সংযোগ, মাদক ব্যবসা, আশপাশের এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। বড় ছেলে বাঘা অতিরিক্ত মাদক সেবনের কারণে ’৯৬ সালে মারা যান। বাঘার মৃত্যুর পর মাদক ব্যবসাসহ অন্যান্য কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন আরেক ছেলে মিন্টু।

পুলিশ জানায়, আগারগাঁওয়ে বিল্লাল হোসেন ও জুলু মিয়া হত্যা এবং বাবুল হোসেনের হাত কাটার ঘটনায় করা মামলায় নূর হাজির সঙ্গে মিন্টুকেও আসামি করা হয়। এরপর মিন্টু বিদেশে পালিয়ে যান। ২০০৮ সালে কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন ছোট ছেলে মামুন। এরপর নূর হাজি ও তাঁর জামাতা মান্নান এসব নিয়ন্ত্রণ করতেন। তাঁরা নিখোঁজ হওয়ার পর আরেক জামাতা জাহাঙ্গীর আলম মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। ২০১৪ সালে জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করা হয়।