নিষিদ্ধ ওষুধে গরু মোটাতাজা
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় একশ্রেণির লোক গরু মোটাতাজা করতে স্টেরয়েডজাতীয় নিষিদ্ধ ওষুধ ব্যবহার করছেন। তাঁরা এক বছরের ফল দু-তিন মাসে পেতে গরুর দেহে স্টেরয়েড প্রয়োগ করছেন।
বেড়া ও সাঁথিয়া উপজেলার অনেক খামারি ও গৃহস্থ গরু মোটাতাজা করেন। তাঁদের বেশির ভাগই স্বাভাবিক নিয়মে গরু লালনপালন করেন। তাঁরা ছয় মাস থেকে দেড় বছর সময় পর্যন্ত গরু লালনপালন করে সেটিকে কোরবানির হাটে বিক্রির উপযোগী করে তোলেন। অথচ একশ্রেণির গরুর ব্যাপারী ও স্বল্পকালীন প্রাণী পালনকারী এ ক্ষেত্রে বেছে নিচ্ছেন ভিন্ন উপায়। তাঁরা পবিত্র ঈদুল আজহার দুই থেকে তিন মাস আগে হাট থেকে কম দামে গরু কিনে স্বল্প সময়ের মধ্যেই সেগুলোকে মোটাতাজা করছেন। এ জন্য তাঁরা গরুগুলোতে প্রয়োগ করেন স্টেরয়েডজাতীয় নিষিদ্ধ ওষুধ। ইনজেকশনের মাধ্যমে বা খাবারের সঙ্গে মিশিয়ে এ ওষুধ প্রয়োগ করা হয়।
বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘আমার জানামতে, গরু মোটাতাজা করার জন্য কোনো গৃহস্থ বা খামারি স্টেরয়েডজাতীয় ওষুধ ব্যবহার করেন না। কোনো ব্যাপারী এ ধরনের ওষুধ ব্যবহার করেন কি না, সে ব্যাপারেও সুনির্দিষ্টভাবে জানা নেই। তবে কেউ ব্যবহার করছেন, এমন প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘স্টেরয়েডজাতীয় ওষুধে গরু সত্যিকারের মোটাতাজা হয় না। এ জাতীয় ওষুধ গরুর শরীরে বা কোষে পানি ধরে রাখতে সহায়তা করে। ফলে গরুকে মোটাতাজা বা মাংসল দেখায়। কিন্তু এতে গরুর মারাত্মক শারীরিক ক্ষতি হয়। অতীতে অনেকে এ জাতীয় ওষুধ খাওয়ানোয় একপর্যায়ে তাদের গরু মারা গেছে বা অসুস্থ হয়েছে। এ কারণে প্রাণী পালনকারীদের মধ্যে এর ব্যবহার একেবারেই কমে এসেছে।’
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিলন মাহমুদ বলেন, স্টেরয়েডজাতীয় ওষুধ খাইয়ে মোটাতাজা করা গরুর মাংস খাওয়া মানবদেহের জন্যও অত্যন্ত ক্ষতিকর। কারণ, মাংস খাওয়ার মাধ্যমে স্টেরয়েডজাতীয় উপাদান মানবদেহে ঢুকে পড়লে তা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
জানা গেছে, বেড়া ও সাঁথিয়া উপজেলায় শতাধিক গরুর ব্যাপারী রয়েছেন। এ ছাড়া রয়েছেন বহু স্বল্পকালীন প্রাণী পালনকারী। সারা বছর অন্য পেশায় যুক্ত থাকলেও কোরবানির হাট সামনে রেখে দুই থেকে তিন মাসের জন্য তাঁরা গরুর ব্যবসায় নামেন। তাঁরা গরুগুলোকে মোটাতাজা করার জন্য গোখাদ্যের সঙ্গে স্টেরয়েডজাতীয় যেসব ওষুধ খাইয়ে থাকেন বা ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করেন, তার বেশির ভাগই আমদানিনিষিদ্ধ ভারতীয় ওষুধ। তবে বাংলাদেশে তৈরি কিছু স্টেরয়েডজাতীয় ওষুধও অনেকে ব্যবহার করেন। দুই উপজেলার ওষুধের দোকান, এমনকি কিছু কিছু মুদি দোকানেও এসব ওষুধ সহজেই মেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পল্লি চিকিৎসক (গবাদিপশু) জানান, গরু মোটাতাজা করার জন্য তাঁরা পালনকারীদের কাছে আমদানিনিষিদ্ধ ভারতীয় বড়ি ও ইনজেকশনসহ আরও কিছু ওষুধ বিক্রি করে থাকেন। স্বাভাবিক খাদ্যের সঙ্গে এসব ওষুধ খাওয়ালে দুই মাসে গরুর অন্তত এক মণ ওজন বাড়ে। এ ক্ষেত্রে প্রতিটি গরুকে মাসে ৮০০ থেকে এক হাজার টাকার ওষুধ খাওয়াতে হয় বলে তাঁরা জানান।