নিষিদ্ধ কোনাজালে সুনামগঞ্জে হাওরের পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওরের ভাসান পানিতে মাছ ধরতে এখন অবাধে নিষিদ্ধ জাল ব্যবহৃত হচ্ছে। এসব জাল ব্যবহারের ফলে ধ্বংস হচ্ছে মাছের পোনা। নিষিদ্ধ জালের ব্যবহার ও পোনা নিধন বন্ধে কোনো কোনো হাওরে প্রশাসন অভিযান চালাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে সব হাওরে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
গত মঙ্গলবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার দুটি হাওরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়েছেন। একই সময় মাছের পোনা জব্দ করে হাওরে অবমুক্ত করা হয়।
এর আগে ১৮ জুলাই তাহিরপুর উপজেলার মনির হাওরে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের এবং ৬ জুলাই সদর উপজেলার দেখার হাওরে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকার নিষিদ্ধ কোনাজাল জব্দ করে পোড়ানো হয়েছে।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার হয় বেশি। এ সময় হাওরের ভাসান পানিতে জেলেরা মাছ ধরতে এসব জাল ব্যবহার করেন। এর মধ্যে নিষিদ্ধ কোনাজাল, কারেন্ট জালের ব্যবহার হয় বেশি। কোনাজাল কারেন্ট জালের চেয়ে বেশি ক্ষতিকর।
জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে জেলার হাওরগুলোয় কোনাজালের ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবল সংকটসহ নানা কারণে সব সময় অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।
সম্প্রতি সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর, কানলার হাওর, দিরাই উপজেলার বরাম হাওর, চাপতির হাওর, বিশ্বম্ভরপুর উপজেলা খরচার হাওর, আঙ্গারুলি হাওর, তাহিরপুরের শনির হাওর, জামালগঞ্জের হালির হাওর ঘুরে কোনাজালের ব্যাপক ব্যবহার দেখা গেছে। এই জাল ১০০ থেকে ১৫০ হাত পর্যন্ত দীর্ঘ হয়। একটি জালের দাম ৭ থেকে ১০ হাজার টাকা। এই জাল দিয়ে ১০ থেকে ১৫ জন জেলে মিলে হাওরে মাছ ধরেন। বছরের ছয় মাস তাঁরা হাওরে মাছ ধরেন। কোনাজালের ছিদ্র মশারির ছিদ্রর চেয়ে ছোট হওয়ায় একেবারে মাছের ছোট পোনাটিও উঠে আসে। অনেক সময় মাছের ডিমও আটকা পড়ে জালে।
হাওরের পানির নিচে মাটির সঙ্গে মিশে থাকা এমনকি বন-ঘাসের আড়ালে লুকিয়ে থাকা ছোট মাছটি পর্যন্ত এই জাল ছেঁকে তুলে আনতে পারে বলে স্থানীয়ভাবে এটি কোনাজাল হিসেবে পরিচিত। চলতি মাসের প্রথম সপ্তাহে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরে পানি বৃদ্ধি পেয়েছে। তাই হাওরে মাছ ধরতে জেলেদের মৌসুমি উপস্থিতি বেড়ে গেছে।
দেখার হাওরপারের আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আরব আলী জানান, যাঁরা হাওরে মাছ ধরছেন, তাঁরা জানেন কোনাজাল, কারেন্ট জাল নিষিদ্ধ। কিন্তু বর্ষা মৌসুমে এলাকায় আর কোনো কাজ না থাকায় মানুষজন এই সময়টা মাছ ধরে কিছু টাকা আয় করেন।
তিনি বলেন, ‘শুকনো মৌসুমে ইজারাদাররা জলমহাল সেচে মাছ ধরে মাছের বংশ শেষ করে। আর বর্ষায় একদল লোক নিষিদ্ধ জাল নিয়ে পোনা ধ্বংস করে। এই দুই কারণে হাওরে দিন দিন মাছের উৎপাদন কমছে।’
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, ‘হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পুরো জেলাতেই কমবেশি অভিযান পরিচালিত হচ্ছে। স্থানীয়ভাবে উপজেলা প্রশাসন সেটি করছে। তবে এসব জালের ব্যবহার বন্ধে স্থানীয় মানুষজনকে সচেতন হতে হবে বেশি।’