নিষিদ্ধ জালে অবাধে মাছ শিকার

বরগুনায় বন বিভাগের আওতাধীন এলাকার তিনটি নদ-নদীতে ছোট ফাঁসের জাল দিয়ে অবৈধভাবে মাছ ধরা হচ্ছে। এতে প্রতিদিন নানা প্রজাতির পোনা মারা পড়ছে। এদিকে অভিযোগ উঠেছে, বনাঞ্চল এলাকায় মাছ ধরার জন্য জেলেরা বন বিভাগের কর্মকর্তাদের নিয়মিত টাকা দেন।
গত সোম ও বৃহস্পতিবার বরগুনার বলেশ্বর নদ, পায়রা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, এ তিনটি জলাধারের প্রায় ১০০ কিলোমিটার এলাকাজুড়ে খুঁটি গেড়ে ছোট ফাঁসের গড়া জাল, বেড়া জাল, ভাসা জাল ও বেহুন্দি জাল পেতে অবাধে মাছ ধরা হচ্ছে। চালিতাতলী থেকে সোনাতলা পর্যন্ত পায়রা নদীর দুই পাড়, বিষখালী নদীর গোড়াপদ্মা থেকে নলী পর্যন্ত, তালতলী থেকে তেঁতুলবাড়িয়া হয়ে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত এবং বলেশ্বর নদের মোহনা থেকে পশ্চিমে চরদুয়ানি পর্যন্ত এলাকাজুড়ে এসব জাল পেতে রাখা হয়েছে। এসব জালের ফাঁস আধা ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চি।
অথচ জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দীন শেখ বলেন, মাছের পোনা সংরক্ষণে সোয়া চার ইঞ্চির কম ফাঁসের জাল ব্যবহার করা দণ্ডনীয়।
বরগুনা সদরের নলটোনা ইউনিয়নে পায়রা নদীর গোড়াপদ্মা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে সাড়ে চার কিলোমিটার এলাকায় ১৮ জন জেলে গড়া জাল দিয়ে মাছ ধরছেন। এঁদের মধ্যে ছয়জন জেলে বাবুগঞ্জ বিটের সংরক্ষিত বনের আওতাভুক্ত এলাকায় জাল পাতেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জেলে বলেন, তাঁরা ভাটির সময় যাঁর যাঁর নির্ধারিত এলাকায় জাল পাতেন। তাঁরা সাধারণত পোয়া, টেংরা, গুলিশাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরেন। জালে এসব মাছের পাশাপাশি অনেক মাছের পোনাও আটকা পড়ে যায়। কিন্তু এসব পোনা কোনো কাজে লাগে না বলে তাঁরা ফেলে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক জেলে বলেন, তাঁরা বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে রফাদফা করেই এসব জাল পাতেন। এ জন্য প্রত্যেক জেলে প্রতি মাসে এক হাজার টাকা করে দেন। নলটোনা ইউনিয়ন পরিষদের সদস্য শহিদ হাওলাদার এসব দিক দেখভাল করেন। শহিদ হাওলাদার বলেন, ‘জেলেরা বন বিভাগের কাউকে এ জন্য কোনো টাকা দেয় না। আর জেলেরা যেখানে এসব জাল পাতে, সেটা বন বিভাগের আওতায় না।’
বন বিভাগের লালদিয়া এলাকার বিষখালী নদীতে গিয়ে দেখা যায়, বেহুন্দি জাল দিয়ে মাছ ধরছেন অনেকে। এক জেলে বলেন, ‘সবাই ধরে, আমিও হেইতে ধরি। কেউ তো কিছু কয় না। আমাগো এলাকায় এই রহম তিন শর বেশি নৌকায় ভাসা জাল দিয়া মাছ ধরে।’ কয়েকজন জেলে বলেন, জালে জাটকা, পোয়া, তপসি, টেংরাসহ অন্য প্রজাতির অনেক মাছ আর পোনা ধরা পড়ে। যেসব পোনা বিক্রি করে লাভ নেই, তাঁরা সেগুলো ফেলে দেন।
পাথরঘাটার পদ্মা এলাকায় গিয়ে দেখা যায়, বলেশ্বর নদের মোহনায় হরিণঘাটা হয়ে উত্তরে চরদুয়ানি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে পাড়ে বাঁশের খুঁটি গেড়ে ভাসা ও বেড়জাল পেতে রাখা হয়েছে। পাশাপাশি স্রোতের মুখে বেহুন্দি জাল পেতেও মাছ ধরছেন জেলেরা। এ এলাকা হরিণঘাটা সংরক্ষিত বনের আওতাভুক্ত।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, স্থানীয় বন বিভাগের সদস্যদের নিয়মিত মাসোহারা দিয়ে তাঁরা মাছ শিকার করছেন। গড়াজাল দিয়ে মাছ ধরতে দুই সপ্তাহ পর পর বন বিভাগের স্থানীয় কর্মকর্তাদের ৩০০ থেকে ৫০০ টাকা করে দিতে হয়।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা সোলায়মান হাওলাদার গতকাল শনিবার বলেন, এসব জাল উচ্ছেদের ব্যাপারে তাঁরা স্থানীয় মৎস্য কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। তবে বন বিভাগের কোনো সদস্য টাকা নেয় এমন ঘটনা তাঁর জানা নেই। আর কেউ অভিযোগও করেননি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বর্তমান রেজিস্ট্রার সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, নদীতে ছোট ফাঁসের জালের অবাধ ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন, বংশবিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এর প্রভাবে নদ-নদী ও সাগরে এরই মধ্যে মাছের প্রাচুর্য কমে গেছে। অচিরেই এসব জাল বন্ধ না হলে দেশের মৎস্যভান্ডারে বিপর্যয় নেমে আসতে পারে।
জেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা বলেন, ছোট ফাঁসের এসব জাল বন্ধে তাঁরা অভিযান চালাচ্ছেন। এর মধ্যে অনেক জাল ধরে পুড়িয়ে ফেলা হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ বলেন, অবৈধ এসব জাল দিয়ে মাছ ধরা বন্ধে তাঁদের অভিযান অব্যাহত আছে।