নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব
নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন বাজার নিষিদ্ধ পলিথিনে ছেয়ে গেছে। মাছ, মাংস, ডিম, তরকারি, পান-সুপারি, ফল, মিষ্টি ও মনিহারি প্রায় প্রতিটি দোকানে পণ্য বেচাকেনায় প্রকাশ্যেই ব্যবহৃত হচ্ছে পলিথিনের ব্যাগ। প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় শুধু জেলা শহরই নয়, বিভিন্ন উপজেলাসহ প্রত্যন্ত অঞ্চলে অবাধে এই ব্যাগ বিক্রি হচ্ছে। এতে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে এর ব্যবহার জনস্বাস্থ্যের প্রতি হুমকি সৃষ্টি করছে।
২০০২ সালের ৮ এপ্রিল পরিবেশ অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পলিথিনের সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি ও বিক্রির জন্য প্রদর্শন, মজুত ও বিতরণ নিষিদ্ধ করে। জানতে চাইলে জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান প্রথম আলোকে বলেন, কিছু অসাধু ব্যবসায়ী লুকিয়ে পলিথিন বিক্রি করছেন। তাঁদের খোঁজা হচ্ছে। কিছুদিন পরপর পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। গ্রামের বাজারগুলোতেও অভিযান অব্যাহত রাখতে নির্বাহী হাকিমদের নির্দেশ দেওয়া হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, দোকান থেকে বিভিন্ন পণ্য বহনের জন্য দেওয়া এসব পলিথিন ব্যাগ মানুষ ঘরের ময়লা ফেলার কাজে ব্যবহার করে। এসব ব্যাগ আস্তাকুঁড়, বাড়ির আশপাশের খোলা জমি ও যত্রতত্র ফেলা হয়। যেহেতু পলিথিন নষ্ট হয়ে মাটি ও পানিতে মিশে যায় না, সেহেতু এতে পরিবেশ দূষিত হচ্ছে।
নেত্রকোনার পরিবেশবাদী সংগঠন বেসরকারি সংগঠন জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল বলেন, বাজারের প্রায় প্রতিটি দোকানেই এখন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পলিথিন ব্যাগ ব্যবহৃত হচ্ছে। নিষিদ্ধ এই পলিথিন ব্যবহারে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে শহরে ময়লা-আবর্জনা জমে নালা বন্ধ হয়ে আছে। একমাত্র মগড়া নদীটিও পলিথিনে ছেয়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির পরিচালক কৃষিবিদ আলতাফুর রহমান বলেন, পলিথিন সহজে পচে না। এটি পলিইথাইনিল নামে একটি রাসায়নিক পদার্থ। এটি পানিরোধক বলে জমিতে ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়। ফলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়। এটি মানবদেহের জন্যও ক্ষতিকর। এটি ব্যবহার করায় ক্যানসারের মতো মারাত্মক রোগ হতে পারে।
সরেজমিনে ঘুরে ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনা জেলা শহরের আখড়া বাজার, মাছ বাজার, ঘুষের বাজার, রেলক্রসিংয়ের বাজারসহ প্রতিটি এলাকাতেই এখন ব্যাপক হারে পলিথিন ব্যাগের ব্যবহার চলছে। সরকার পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার পর কয়েক বছর পরিস্থিতি ভালো ছিল। কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত তদারকি না থাকায় সাম্প্রতিক সময়ে পলিথিনের ব্যবহার বাড়ছে। পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে বাজারে কাগজের ঠোঙা, চটের ব্যাগ ইত্যাদি রয়েছে। কিন্তু পলিথিন সহজলভ্য হওয়ায় বিকল্পগুলোর প্রতি মানুষের আগ্রহ কম।
জেলা সংবাদপত্র পরিবেশক আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, পুরোনো পত্রিকা দিয়ে কাগজের ঠোঙা তৈরি হয়। পলিথিনের কারণে ঠোঙার চাহিদা কম। আগে যে কাগজ ৩০ থেকে ৩২ টাকা কেজি বিক্রি করা হতো, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকায়।
পলিথিনের ছড়াছড়ি ও বিকল্পগুলো ব্যবহারে অনাগ্রহের বিষয়ে দোকানি ও ক্রেতারা পরস্পরকে দুষছেন। শহরের কাজী রোড এলাকার বাসিন্দা মেহেদী হাসান দিদার প্রথম আলোকে বলেন, কোনো কিছু কিনলেই দোকানদার তা পলিথিনের ব্যাগে ভরে দেন। এ ক্ষেত্রে তাঁরা নিরুপায়।
শহরের ঘুষের বাজারের সবজি বিক্রেতা মো. রফিকুল বলেন, পলিথিনের বিকল্পগুলোর দাম কিছুটা বেশি। আবার বেশির ভাগ ক্রেতাই বাজারে থলে নিয়ে আসেন না। আনলেও মালামাল আলাদা আলাদা পলিথিনে ভরে দিতে হয়। যে দোকানি এটা করবেন না, তাঁর দোকান থেকে ক্রেতারা মালামাল কিনতে চান না।
নাম প্রকাশ না করার শর্তে মাছ বাজারের কয়েকজন তরকারি বিক্রেতা জানান, ওই বাজারের পরিমল সাহা, সুজিত বাবুসহ বেশ কয়েকজন দোকানদার গোপনে নির্দিষ্ট লোকদের কাছে পলিথিন বিক্রি করে থাকেন। প্রতি কেজি পলিথিন ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়। সারা জেলায় প্রতিদিন সাত-আট কেজি পলিথিনের ব্যাগ বিক্রি হয়।
তবে পরিমল সাহা ও সুজিত সাহা তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকেবলেন, ‘আমরা পলিথিন বিক্রি করি না। এসব মিথ্যা তথ্য, এর কোনো প্রমাণ নেই।’