নিষিদ্ধ হওয়ার পরও ২৭ শতাংশ জেলে ইলিশ ধরেছেন
সরকার ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল। তার পরও ২৭ শতাংশ জেলে ঝুঁকি নিয়ে ইলিশ ধরেছেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।
গতকাল শনিবার রাজধানীর ডেইলি স্টার ভবনে আয়োজিত ইলিশ সংরক্ষণবিষয়ক জাতীয় পরামর্শ সভায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। পিপিআরসি এই সভার আয়োজন করে।
পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার ফলাফল উপস্থাপন করেন। তিনি বলেন, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও লক্ষ্মীপুর—দক্ষিণের এই পাঁচ জেলার তিন শত জেলে পরিবারের তথ্য গবেষকেরা সংগ্রহ করেছেন। তাতে দেখা গেছে, ইলিশ ও জাটকা ধরা বন্ধ থাকার সময় ৯৯ শতাংশ জেলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া চালের জন্য অপেক্ষা করে থাকেন, ৫২ শতাংশ জেলে দিনমজুর হিসেবে কাজ করেন, ৩৭ শতাংশ জেলে বাকিতে খাবার কেনেন, সঞ্চয় ভেঙে খান ১৩ শতাংশ জেলে। অন্যদিকে ছয় শতাংশ জেলে পরিবারের জন্য প্রতিদিনের খাবারের পরিমাণ কমিয়ে দেন। অন্য মাছের ব্যবসা করেন চার শতাংশ এবং দুই শতাংশ অস্থায়ীভাবে অন্য স্থানে বসবাসের জন্য চলে যান। এঁদের মধ্যে ২৭ শতাংশ জেলে মৎস্য বিভাগ, পুলিশ বা কোস্টগার্ডের নজরদারি এড়িয়ে ও ঝুঁকি নিয়ে ইলিশ ও জাটকা ধরেছেন।
হোসেন জিল্লুর বলেন, বহু জেলে বংশপরম্পরায় ইলিশ ধরে আসছেন, তাই ৯৮ ভাগ জেলে এই পেশা ছেড়ে যেতে চান না। তবে এঁরা এখনো আর্থিক দিক দিয়ে সচ্ছল হতে পারেননি। দাদন ও মহাজনদের ওপর নির্ভর করেই তাঁদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে।’
হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সভায় আলোচকেরা বলেন, মাছ ধরা বন্ধ থাকার সময় সেই সব জেলেকেই বিকল্প পেশার জন্য সরকারি সহায়তা (এআইজিএ) দেওয়া হয়, যাঁদের ইলিশ ধরার নৌকা, জাল কিছুই নেই। মাত্র চার শতাংশ জেলে এই সহায়তা পাচ্ছেন। তাই সরকারের এই কর্মসূচি জনপ্রিয় হচ্ছে না।