নিষেধ অমান্য করে রবীন্দ্র কাছারিবাড়ি ঘেঁষে উঠছে ভবন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাছারিবাড়ির দক্ষিণ পাশ ঘেঁষে নির্মাণাধীন পাঁচতলা বিপণিবিতানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।পুরাকীির্ত সংরক্ষণ বিধিবিধান না মেনে ব্যক্তি উদ্যোগে বহুতল ওই বাণিজ্যিক ভবনটি উঠছিল। এ নিয়ে সংস্কৃতিকর্মী ও সচেতন মহলের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। গতকাল সোমবার শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভবনটির নির্মাণকাজ বন্ধ করে দেন।
ইউএনও মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, ‘ইতিপূর্বে তিনবার নোটিশ জারি করা হলেও তাঁরা নির্মাণকাজ বন্ধ করেননি। এ কারণে গতকাল আমি নিজে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।’
এ বিষয়ে ওই বিপণিবিতানের মালিকদের একজন এনামুল হাসান বলেন, ‘এলাকাটি তাঁতসমৃদ্ধ। এ কারণে ব্যবসায়িক ও এলাকার উন্নয়নের লক্ষ্যে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। আমরা রবীন্দ্রনাথের পুরাকীর্তির সৌন্দর্যহানি হয় এমন কোনো কাজ করব না।’ তিনি আরও বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে কাজ বন্ধ করতে বলা হয়নি। শুধু উপজেলা প্রশাসন থেকে নিষেধ করেছিল।তারা বাধা দিলে অবশ্যই কাজ বন্ধ থাকত।’
সরেজমিনে দেখা গেছে, কাছারিবাড়ির দক্ষিণ সীমানাপ্রাচীরের মাত্র ১০ ফুট দূরে বহুতল ভবনটি উঠছে।আগে থেকেই একতলা ভবন ছিল সেখানে। তার ওপর নতুন করে চারতলার নির্মাণকাজ চলছে।
শাহজাদপুর কাছারিবাড়ি ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, রবীন্দ্র কাছারিবাড়ি একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকীর্তি।প্রত্নতত্ত্ব বিভাগ দায়িত্ব গ্রহণ করার পর ১৯৯২ সালে কাছারিবাড়িটি বিশ্বকবি রবীন্দ্র স্মৃতিজাদুঘর হিসেবে রূপান্তর করা হয়।প্রত্নতত্ত্ব বিভাগ কাছারিবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে কয়েক কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক মিলনায়তন, সীমানাপ্রাচীর, শৌচাগার, অভ্যন্তরীণ পাকা সড়ক, বাগান নির্মাণসহ নানা সংস্কার ও উন্নয়নমূলক কাজ করে।
২০০৪ সালে শাহজাদপুর উপজেলা ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের (সুতা ব্যবসায়ীর সংগঠন) ৬৫ জন সদস্য কাছারিবাড়ির দক্ষিণ পাশে ৬৫ শতাংশ জমি কেনেন। তাঁরা পুরো জায়গায় একতলা ভবনের একটি বিপণিবিতান নির্মাণ করেন। ২০০৬ সালে ব্যবসায়ীরা ওই ভবনের ওপর দ্বিতীয় তলার কাজ শুরু করেন।পুরাকীর্তি আইনের ১২ (৩) এবং ১৯ (চ) ও (২) ধারা অনুযায়ী, সংরক্ষিত পুরাকীর্তির কাছে কোনো ভবন নির্মাণ, সৌন্দর্যহানি বা কোনো প্রকার ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় ও শাস্তিযোগ্য অপরাধ। একইভাবে এ নির্মাণ বাংলাদেশ সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদের পরিপন্থী।এ কথা জানিয়ে প্রত্নতত্ত্ব বিভাগ ওই নির্মাণকাজ বন্ধ করার জন্য নোটিশ দিলে নির্মাতারা কাজ বন্ধ করে দেন।এর এক বছর পর ২০০৭ সালে ওই ব্যবসায়ীরা আবার ভবন সম্প্রসারণের কাজ শুরু করলে একইভাবে নোটিশ দিলে নির্মাণকাজ বন্ধ হয়।
কিন্তু চলতি বছরের ৩০ মে থেকে নতুন উদ্যমে কাজ শুরু হয়। দিন-রাত কাজ করে গত দুই মাসে প্রায় পাঁচতলা পর্যন্ত ছাদের ঢালাইয়ের কাজ পর্যন্ত শেষ করা হয়েছে। কাজ শুরুর পর প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা (শাহজাদপুর কাছারিবাড়ির দায়িত্বে নিয়োজিত) একাধিকবার নোটিশ দিলেও তাঁরা তা উপেক্ষা করেই কাজ চালিয়ে যান।
এ বিষয়ে কাছারিবাড়ির দায়িত্বে নিয়োজিত প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, পুরাকীর্তি আইন অনুযায়ী, ওই স্থানে একতলা ভবন নির্মাণ করা যেতে পারে। কিন্তু ওই ব্যবসায়ীরা সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন। এ কাজ করতে তাঁদের নিষেধ করে চিঠি দিলেও তাঁরা তা গ্রহণ করছেন না। ডাকযোগে পাঠালেও সেটি ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসন, সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।