নিষেধ উপেক্ষা করে বাল্যবিবাহ
মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নে প্রশাসনের নিষেধ উপেক্ষা করেই নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ দেওয়া হয়েছে। বিয়ে বন্ধ করতে দীঘি ইউনিয়ন পরিষদকে (ইউপি) নির্দেশ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো ইউপির এক সদস্য উপস্থিত থেকে বিয়ের অনুষ্ঠানে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বেসরকারি সংস্থা পাশা ও একাধিক বাসিন্দা জানান, গত বুধবার দীঘি ইউনিয়নের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবুর রহমানকে জানানো হয়। রাতে প্রশাসন ইউপি চেয়ারম্যান আক্তার উদ্দিনকে বাল্যবিবাহ বন্ধ করার নির্দেশ দেয়।
আক্তার উদ্দিন বলেন, ‘বাল্যবিবাহ বন্ধ করতে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য চান্দু মিয়াকে নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর কী হয়েছে আমার জানা নেই।’
পাশার নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান বলেন, বুধবার দিবাগত রাত ১২টার পর ইউপি সদস্য চান্দু মিয়ার উপস্থিতিতে বিয়ে সম্পন্ন করা হয়। ৫০ হাজার টাকা দেনমহরে ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) আবদুল হালিমের সহকারী মঞ্জুর রহমান বিয়ে নিবন্ধন করেন।
মঞ্জুর রহমান বিয়ে নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি সদস্য চান্দু মিয়া দাবি করেন, ‘বাল্যবিবাহের বিষয়টি আমার জানা নেই।’
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মজিবুর রহমান বলেন, বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে ওই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।