নিষেধ, তবুও আছে
মহাসড়কে তিন চাকার যান অবৈধ ঘোষণা করা হলেও পঞ্চগড়ে দ্রুতগামী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে এসব অবৈধ যান। এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলোতেও চলাচল করছে এসব যান। দিনে তো বটেই, রাতেও টর্চলাইটের আলো দিয়ে এসব যান চলাচল করছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে গত তিন মাসের ব্যবধানে অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় মারা গেছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন অনেকেই।
জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মাহমুদ জানান, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সরকার দেশের মহাসড়কগুলোতে তিন চাকার সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধঘোষিত ২২টি পয়েন্টের মধ্যে পঞ্চগড়ও রয়েছে। অথচ এখানে নিষেধাজ্ঞার কোনো বালাই নেই। দ্রুতগামী বাস-ট্রাকের সঙ্গে পাল্লা দিয়ে মহাসড়কে চলছে অবৈধ ইজিবাইক, পাগলুসহ ব্যাটারিচালিত রিকশা-ভ্যান। আর হাটবারে জেলার বিভিন্ন স্থান থেকে শহরে ঢুকছে গরুবোঝাই নছিমন-করিমন।
জেলা অটোবাইকচালক সমবায় সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, তেঁতুলিয়া এবং সদর উপজেলায় প্রায় এক হাজার অটোবাইক রয়েছে। মহাসড়কে অটোবাইক নিষিদ্ধের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন এসব অটোবাইকের মালিক এবং চালকেরা। কারণ মালিকেরা ঋণ করে, জমি বেচে, কিস্তির মাধ্যমে এসব অটোবাইক কিনেছেন। হঠাৎ করেই মহাসড়কে অটোবাইক চালানো নিষিদ্ধ হওয়ায় এসব পরিবারে দুর্ভোগ নেমে এসেছে।
সদর উপজেলার সাহেবীজোত গ্রামের অটোবাইক মালিক মুক্তিযোদ্ধা হাসিবুল ইসলাম বলেন, পুলিশ নানাভাবে অটোবাইকচালক মালিকদের হয়রানি করছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করছি।