নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের নদ-নদী থেকে কাঁকড়া শিকার চলছে। সুন্দরবনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে চুক্তিতে এই কাঁকড়া ধরা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন কয়েক শ মণ কাঁকড়া বেচাকেনা হচ্ছে সুন্দরবনসংলগ্ন বাজারগুলোতে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। এ সময় কাঁকড়া ধরা আইনত নিষিদ্ধ। আইন অমান্য করে কাঁকড়া ধরলে তার বিরুদ্ধে জরিমানা ও মামলা করার বিধান রয়েছে।
সুন্দরবনসংলগ্ন গ্রাম বুড়িগোয়ালিনী, দাঁতনেখালী, ভেটখালী ও হরিনগর এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন কয়েক শ জেলে বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে চুক্তি করে কৈখালী, কদমতলা ও সাতক্ষীরা স্টেশন এলাকা দিয়ে সুন্দরবনে ঢুকছেন।
নাম প্রকাশ না করার শর্তে শ্যামনগর উপজেলার জায়াখালী গ্রামের অন্তত ১৫ জন জেলে জানান, তাঁরা কৈখালী স্টেশন এলাকা দিয়ে কাঁকড়া ধরার জন্য অনুমতিবিহীনভাবে সুন্দরবনে ঢোকেন। এ জন্য কৈখালী স্টেশন, টেংখালী টহল ফাঁড়ি ও নটাবেকি টহল ফাঁড়িতে প্রতি সপ্তাহে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৭০০ টাকা দিতে হয়।
তাঁরা সাধারণত মাদার নদী, বয়ারসিং, রায়মঙ্গল, কাটিকাটা, আঠারবেকি, দায়েরগাঙ, তালপট্টি, গারাল বৈজিতি, নচুখালী ও মালঞ্চ নদীতে কাঁকড়া ধরেন। পরে মাদার নদীর গোলাখালী এলাকার কয়েক ফড়িয়ার কাছে বিক্রি করে দেন। ফড়িয়ারা এসব কাঁকড়া ভেটখালী বাজারের আটটি ও হরিনগর বাজারের পাঁচটি ডিপোতে বিক্রি করেন। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে ভেটখালী ও কলবাড়ি এলাকার কয়েকজন ডিপো মালিক জানান, তাঁরা প্রতিদিন ২০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত কাঁকড়া কিনে ঢাকায় পাঠান। একইভাবে কদমতলা ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকার কাঁকড়া বিক্রি হয় মুন্সিগঞ্জ ও কলবাড়ি এলাকার ডিপোগুলোতে।
সুন্দরবন কৈখালী স্টেশন কর্মকর্তা এস এম জামাল বলেন, কৈখালী স্টেশন অনেক বড় এলাকা। অনেক সময় চুরি কিংবা মাছ ধরার কথা বলে সুন্দরবনে গিয়ে কাঁকড়া ধরেন জেলেরা। তিনি চুক্তিতে বা সমঝোতার ভিত্তিতে কাঁকড়া ধরতে অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, সুন্দরবনের কাঁকড়া প্রজনন মৌসুমে বেচাকেনা হচ্ছে বলে কেউ অভিযোগ করেননি।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিক বলেন, তিনি বনের মধ্যে ঘুরে একজন জেলেকেও কাঁকড়া ধরতে দেখতে পাননি। সুন্দরবনসংলগ্ন বাজার ও ডিপোগুলোতে কাঁকড়া বেচাকেনা হচ্ছে বলা হলে তিনি বলেন, এসব কাঁকড়া কোথা থেকে আসছে তা তিনি বলতে পারেন না।