নিষেধাজ্ঞা অমান্য করে চলছে গলদা চিংড়ির পোনা শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদী ও সংযোগ খাল থেকে অবাধে গলদা চিংড়ির পোনা শিকার করা হচ্ছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিম।
গত বুধবার মেঘনা নদী এলাকায় গিয়ে জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, চাঁদপুরের হাইমচর থেকে রামগতির আলেকজেন্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকা গলদা চিংড়ি পোনার অবাধ বিচরণক্ষেত্র। চৈত্র মাস থেকে প্রায় পাঁচ হাজার জেলে মশারি, নেট জাল, ছাঁকনি ও চাদর দিয়ে এ পোনা শিকার শুরু করে। জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলবে এই পোনা শিকার। এগুলো কেনার জন্য যশোর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা থেকে মৌসুমের শুরু থেকে প্রতিদিন ব্যবসায়ীরা মেঘনার তীরে ভিড় জমান।
মশারির জাল দিয়ে নদীর পানি ছেঁকে গলদা চিংড়ির পোনা ধরা হয়। এসব পোনা ধরার সময় বিভিন্ন প্রজাতির মাছের পোনা ও ডিম ওই জালে ওঠে। চিংড়ির পোনা বাছাইয়ের সময় অন্য মাছের ডিম ও পোনা অধিকাংশই নষ্ট হয়ে যায়।
জেলে কামাল হোসেন ও আবদুল আজিজ জানান, একজন জেলে প্রতিদিন ১০০ থেকে সর্বোচ্চ ২০০০ হাজার টাকার পোনা ধরতে পারেন। প্রতিটি পোনা তাঁরা আড়তদারের কাছে দেড়-দুই টাকা দরে বিক্রি করেন।
পাঁচ বছর ধরে চিংড়ি পোনার ব্যবসার সঙ্গে জড়িত সাইফুল ইসলাম বলেন, মেঘনা নদীর গলদা চিংড়ির পোনা অল্প সময়ে বড় হয়ে যায়। এ জন্য চিংড়িঘেরের মালিকদের কাছে মেঘনার পোনার কদর বেশি। তবে অন্য মাছের পোনা ও ডিম যে এ সময় নষ্ট হয়ে যায়, এ কথা স্বীকার করেন তিনি।
পোনা ব্যবসায়ী দিদার হোসেন বলেন, ‘গলদা চিংড়ির পোনা ধরা যে অবৈধ, তা আমরাও জানি। এ ব্যবসায় আমাদের লাখ লাখ টাকা বিনিয়োগ রয়েছে। এর সঙ্গে জড়িত আছে কমপক্ষে ১০ হাজার মানুষ।’
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, গলদা চিংড়ির পোনা ধরা নিষিদ্ধ। পোনা ধরার সময় অন্য মাছের ডিম ও পোনা অধিকাংশই নষ্ট হয়ে যায় বলে সরকার এটি নিষিদ্ধ করে। পোনা নিধন প্রতিরোধে মেঘনায় অভিযান চালানো হবে।