নিষেধাজ্ঞা অমান্য করে চলছে স্পিডবোট, ব্যাপক চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-বরিশাল নৌপথে নিষেধাজ্ঞা অমান্য করে তিন শতাধিক অবৈধ স্পিডবোট চলাচল করছে। অনিয়ন্ত্রিত হারে স্পিডবোট বেড়ে যাওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। একই সঙ্গে জেলেদের জাল নষ্ট করা, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও তাঁদের লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে।

স্পিডবোট মালিক সমিতির নেতারা প্রশাসন ও আইনপ্রয়োগকারী ব্যক্তিদের ম্যানেজ করার নাম করে মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা তুলছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

ভোলার সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ২৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক (অস্থি) গোলাম সরোয়ার, তাঁর স্ত্রী ও মেয়ে এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার বণিক স্পিডবোটে বরিশাল যাওয়ার পথে আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গোলাম সরোয়ারের স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলে মারা যান এবং গোলাম সরোয়ার ও প্রদীপ কুমার বণিক গুরুতর আহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতি মাসে দুর্ঘটনায় দু-একজন সাধারণ মানুষ মরছে, কিন্তু এবার ছাড়া কখনো কোনো মামলা হয়নি।

জেলে সূত্র জানায়, ভোলা থেকে বরিশাল যাওয়ার পথে তিনটি নদী ও কয়েকটি খাল অতিক্রম করতে হয়। নদীগুলো হলো—তেঁতুলিয়া, কালাবদর ও কীর্তনখোলা। এসব নদী ও খালে কয়েক হাজার জেলে মাছ ধরছেন। স্পিডবোটগুলোর বেপরোয়া চলাচলের কারণে প্রতিদিন জেলেদের নতুন নতুন জাল নষ্ট হচ্ছে।

সরেজমিন দেখা যায়, সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাট থেকে বরিশাল লাহারহাট ও বরিশাল শহরের উদ্দেশে তিন শতাধিক স্পিডবোট চলাচল করে। এসব স্পিডবোট পুরোনো, ফাটা ও জোড়াতালি দেওয়া। কোনোটিতে লাইফ জ্যাকেট নেই। দু-একটিতে জ্যাকেট থাকলেও তা ব্যবহারের অনুপযোগী। অনেক সময় পানি ওঠে এবং পথে ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্পিডবোটের চালকেরা প্রায়ই যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অনেক সময় যাত্রীরা প্রতিবাদ করলে পথে স্পিডবোট বিকল হয়েছে বলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। নইলে চরে আটকে রাখেন। অসহায় পেলে মারধর করেন। এসব চালক ও স্পিডবোটের কোনো লাইসেন্স কিংবা রুট পারমিট নেই।

যাত্রীরা আরও বলেন, ভোলার ভেদুরিয়া থেকে বরিশালের লাহারহাট পর্যন্ত ২০-২৫ মিনিটের পথ। সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ১২০-১৫০ টাকা আর ভোলা থেকে বরিশাল শহর ৩০-৪০ মিনিটের পথ। সেখানে ভাড়া নেওয়া হচ্ছে ২৫০-৩০০ টাকা। কোনো যাত্রীর কাছে ব্যাগ বা মালামাল থাকলে তার জন্য বাড়তি ৫০ থেকে ১০০ টাকা ভাড়া দিতে হচ্ছে। এসব অবৈধ স্পিডবোট ১২ থেকে ১৫ জন করে যাত্রী নিচ্ছে।

কমপক্ষে ২০ জন স্পিডবোট মালিকের সঙ্গে কথা বললে তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্পিডবোট মালিকেরা প্রত্যেকে সমিতির সভাপতি মো. আলাউদ্দিনকে একটি বোটের জন্য ১২০ টাকা চাঁদা দিচ্ছেন। ভোলা ঘাটের ১৩০টি বোট। এ ছাড়া সভাপতির নামে একটি করে দুটি ট্রিপ দেওয়া হচ্ছে। একটি ভেদুরিয়া-লাহারহাট, আরেকটি ভেদুরিয়া-বরিশাল শহরের। মালিকেরা ট্রিপ পান বা না পান সভাপতির ট্রিপ থাকবেই। একই নিয়ম চলছে বরিশালে। এসব টাকা হিসাব করলে দেখা যায়, সভাপতি প্রতিদিন ১৬ হাজার টাকা চাঁদা তুলছেন।

তাঁরা আরও জানান, একটি স্পিডবোটের লাইসেন্স করতে ২৫-৩০ হাজার টাকা দরকার। এই টাকা কমিয়ে স্পিডবোটের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনা দরকার। ক্ষমতাসীনেরা ইচ্ছে করলেই স্পিডবোট নামাচ্ছেন। এক সভাপতিরই ১৯টি স্পিডবোট আছে।

এই বিশাল পরিমাণ টাকা কোথায় ব্যয় করেন—জানতে চাইলে সভাপতি মো. আলাউদ্দিন বলেন, ‘অফিস খরচ ও লাইনম্যানদের বেতনে ব্যয় হচ্ছে।’ তিনি আরও বলেন, দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে চারটার পরে স্পিডবোট চালানো হচ্ছে না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা বিভাগের ভোলার পরিদর্শক নাসিম আহমেদ বলেন, সমুদ্র আইনে ভোলা-বরিশাল নৌপথে যাত্রীবাহী স্পিডবোট চলার কোনো অনুমতি নেই। এসব স্পিডবোটের চালক ও স্পিডবোটের কোনো অনুমতিপত্র (লাইসেন্স) নেই। সারা বাংলাদেশে ৩০টি স্পিডবোটের লাইসেন্স আছে। বাকিদের লাইসেন্স করতে বললেও লাইসেন্স করছে না।

পরিদর্শক আরও বলেন, সরকারি নিয়মে ভেদুরিয়া-লাহারহাট নৌপথে ভাড়া হওয়ার কথা ১০০ টাকা। আর ভেদুরিয়া-বরিশাল নৌপথে ভাড়া হওয়ার কথা ২০০ টাকা। অন্যদিকে সরকারি নিয়মে একটি স্পিডবোটে চারজন ওঠার কথা থাকলেও এসব অবৈধ স্পিডবোট ১২ থেকে ১৫ জন করে যাত্রী নিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধ স্পিডবোট চলাচল বন্ধ করার জন্য জেলা প্রশাসন কাজ করছে বলে জানা যায়। কিন্তু চলতি বছর এখন পর্যন্ত কোনো অভিযান পরিচালিত হয়নি। গত বছরেও হয়নি।

নৌপরিবহন (সমুদ্র) অধিদপ্তরের বরিশাল বিভাগের দায়িত্বে আছেন, পরিদর্শক নূরুল করিম বলেন, এসব অবৈধ স্পিডবোটকে নিয়ন্ত্রণ করতে নৌ-পুলিশ, পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের সহযোগিতা দরকার। কিন্তু সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ‘স্পিডবোট মালিকদের কাছ থেকে চাঁদাবাজি তো দূরের কথা, কখনো ভাড়া না দিয়ে কোথাও যাইনি। বিআইডব্লিউটিএ, টিসি ও সমুদ্র পরিবহনের লোকজন চাঁদা নিয়ে এসব অবৈধ স্পিডবোট চালাচ্ছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সারা বাংলাদেশে অবৈধ স্পিডবোট চলছে। এগুলোকে লাইসেন্সের আওতায় আনা উচিত। নৌযান চলাচল বন্ধে অভিযান চালালে রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়।