নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন চলছে
নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার ঈশ্বরদী উপজেলায় পদ্মা নদীতে জাটকা ধরা হচ্ছে। জেলেরা এসব জাটকা বিভিন্ন হাটবাজারে বিক্রি করছেন। এলাকাবাসীর অভিযোগ, মৎস্য বিভাগের তদারকি জোরদার না হওয়ায় জেলেরা জাটকা ধরছেন।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের সাত-আটজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানির ঈদের পর থেকে কিছু জেলে লক্ষ্মীকুণ্ডা, চরদাদাপুর ও কামালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে দিনের বেলা ও ভোর রাতে কারেন্ট জাল দিয়ে জাটকা ধরছেন। সাহাপুর, পাকশী ও লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও নদীর ধারে এসব জাটকা ২০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামের কৃষক সাবান প্রামাণিক বলেন, গত বুধবার সকালে দু-তিনজন জেলে পাকশী লালন শাহ সেতুর নিচে পদ্মা নদী থেকে প্রায় দেড় মণ জাটকা ধরে নিয়ে গেছেন। প্রতিদিন এভাবে অসংখ্য জাটকা চুরি করে ধরার পর তা বিক্রি করছেন জেলেরা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নদীতে ইলিশের ডিম ছাড়া ও প্রজননের সময় হিসেবে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি নিষেধ করেছে।
ঈশ্বরদীর বেসরকারি সংস্থা প্রাথমিক সংস্কৃতি উন্নয়ন কেন্দ্রের পরিচালক মোশাররফ হোসেন বলেন, ঈশ্বরদীর পদ্মা নদীতে ক্রমান্বয়ে মাছ কমে আসছে। এভাবে ইলিশের প্রজননের সময় অবাধে জাটকা ধরা হলে ভবিষ্যতে পদ্মা নদী ইলিশশূন্য হয়ে পড়বে। জাটকা নিধন বন্ধের জন্য প্রশাসনিক তদারকি আরও জোরদার করা উচিত।
লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনিসুল ইসলাম মোল্লা বলেন, বর্তমানে পদ্মা নদীতে যাঁরা জাটকা ধরছেন, তাঁরা অন্য এলাকার জেলে। এই ইউনিয়নের জেলেরা সরকারি বিধি মেনে ইলিশ ধরা ও বিক্রি বন্ধ রেখেছেন।
ঈশ্বরদী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, তাঁদের তৎপরতার কারণে বর্তমানে ঈশ্বরদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া মা ইলিশ ধরা বন্ধ করার জন্য বিভিন্ন দল কাজ করছে। এরপরও কেউ জাটকা ধরে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।