নিষেধাজ্ঞা অমান্য করে ধান কেটে নিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফল উপজেলার কচুয়া মৌজার সরকারিভাবে বন্দোবস্ত জমির ধান স্থানীয় এক প্রভাবশালী জোর করে কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে।
ওই জমির মালিক বেল্লাল হোসেন। উপজেলার কালাইয়া ইউনিয়নের ডিয়ারা কচুয়া মৌজায় দেড় একর জমিটি তাঁকে ১৯৭৩-৭৪ অর্থবছরে সরকারিভাবে বন্দোবস্ত দেওয়া হয়।
বেল্লাল হোসেন জানান, চলতি বছরের অক্টোবরের শেষে তাঁর জমির ধান কেটে নেওয়ার হুমকি দিচ্ছিলেন এলাকার প্রভাবশালী সোহেল শরীফ (৩২)। পরে তিনি বাউফল সহকারী জজ আদালতে এ ঘটনায় একটি মামলা করেন। আদালত গত ১ নভেম্বর ওই জমির ধান অন্য কাউকে না কাটার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এর পরও গতকাল সোহেলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল লাটিসোঁটা নিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে ওই জমির ধান কেটে নিয়ে যান।
অভিযোগ অস্বীকার করে সোহেল শরীফ বলেন, ‘ধান কেটে নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।