নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণ হচ্ছে ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বদরগঞ্জের কুতুবপুর এলাকার কৃষিজমিতে নির্মিত হচ্ছে ইটভাটা। ভাটার অদূরে রয়েছে আমবাগান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
বদরগঞ্জের কুতুবপুর এলাকার কৃষিজমিতে নির্মিত হচ্ছে ইটভাটা। ভাটার অদূরে রয়েছে আমবাগান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে একটি ইটভাটা নির্মাণের কাজ চলছে। ইতিমধ্যে সেখানে ইট পোড়ানোর তোড়জোড় শুরু হয়েছে। এদিকে স্থানীয় কৃষকদের আপত্তির পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ এনে ভাটামালিক হয়রানি করছেন বলে অভিযোগ উঠেছে।
মেসার্স এসএনবি ব্রিকস নামের ইটভাটাটির অবস্থান কুতুবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে। ভাটার মালিক শামছুল আলমের বাড়ি ওই গ্রামে।
স্থানীয় ১২ জন কৃষক এ বিষয়ে গত ৮ অক্টোবর রংপুরের পরিবেশ অধিদপ্তর কার্যালয় ও ২৯ অক্টোবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মেজবাবুল আলম পরিদর্শন শেষে ২৯ অক্টোবর ওই ইটভাটার নির্মাণকাজ বন্ধ রাখার লিখিত নির্দেশ দেন। কিন্তু এরপরও সেখানে নির্মাণকাজ চলছে।
অভিযোগ রয়েছে, ভাটার মালিক উপজেলা কৃষি কর্মকর্তাকে হাত করে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে নিচু জমি হিসেবে প্রত্যয়ন নিয়েছেন। নির্মাণকাজের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় এলাকার কৃষক আসাদুজ্জামানের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় ইটভাটার মালিক ২০ অক্টোবর ১০ লাখ টাকা চাঁদা দাবির এজাহার দিয়েছেন।
জানতে চাইলে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বলেন, তদন্ত করে চাঁদা দাবির অভিযোগের প্রমাণ না পাওয়ায় তা রেকর্ড করা হয়নি।
ভাটামালিক শামছুল আলম বলেন, ‘নিজের চার একর জমির ওপর ইটভাটা নির্মাণ করছি। সেখানে কাঁচা ইট তৈরি করার জন্য আরও চার একর জমি ভাড়া নিয়েছি। যাঁরা ভাটা বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন, তাঁদের সেখানে কোনো জমিজমা নেই। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমাকে হয়রানি করছেন। একজন কৃষক ইটভাটা নির্মাণ শুরুর আগে আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছিলেন।’ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, ‘অনেকটা চাপে পড়ে ভাটার মালিককে ওই প্রত্যয়ন দিয়েছি। তবে টাকা নিইনি।’
পরিবেশ অধিদপ্তর রংপুরের ভারপ্রাপ্ত উপপরিচালক মেজবাবুল আলম মুঠোফোনে বলেন, ‘সরেজমিনে দেখেছি ওই ইটভাটাটি কৃষিজমিতে নির্মাণ করা হচ্ছে। তাই নির্মাণকাজ বন্ধ করার লিখিত নির্দেশ দিয়েছি। এরপরও নির্মাণকাজ অব্যাহত থাকলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও মো. রাশেদুল হক বলেন, ‘বিধিমালার বাইরে কেউ ইটভাটা নির্মাণ করতে পারবে না। ওই ভাটার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’