নিষেধাজ্ঞা অমান্য করে নিয়োগ
রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা উচ্চবিদ্যালয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে শিক্ষক ও অফিস সহকারী নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা বলেছেন, তাঁরা আদালতের নিষেধাজ্ঞার কপি পাননি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু হেনা মোস্তফা কামাল ও আবদুস সালাম বলেন, বিদ্যালয়ের সব শিক্ষকের পদ পূর্ণ থাকলেও নিয়োগ-বাণিজ্যের জন্য গত ৩ আগস্ট চারটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তাঁরা ৭ সেপ্টেম্বর রাজশাহীর আদালতে একটি মামলা করেন। এতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ওয়াহেদুজ্জামান ও প্রধান শিক্ষক এস এম হাসানুজ্জামানকে আসামি করা হয়। ওই নিয়োগ বিজ্ঞপ্তির ওপর গত সোমবার রাজশাহীর (বাগমারা) জ্যেষ্ঠ সহকারী হাকিম অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এতে এ-সংক্রান্ত দরখাস্তের শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশ অমান্য করে গত মঙ্গলবার দুটি পদ বাদ রেখে সহকারী শিক্ষক (কৃষি) ও নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবেশপত্র দিয়েছেন। ওই দিন বেলা ১১টায় বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য আবেদনকারীদের কাছে ডাকযোগে প্রবেশপত্র পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী একজন শিক্ষক ও স্থানীয় তিন ব্যক্তি বলেন, মঙ্গলবার সকালে রাজশাহীর আদালতের এক কর্মচারী নিষেধাজ্ঞার নোটিশ নিয়ে হামিরকুৎসা উচ্চবিদ্যালয়ে আসেন। বিদ্যালয়ের সভাপতিসহ নিয়োগ কমিটির অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। আদালতের ওই কর্মচারী প্রধান শিক্ষক ও সভাপতিকে আদালতের নিষেধাজ্ঞার কপি দেওয়ার চেষ্টা করলে তাঁরা বিদ্যালয় থেকে সটকে পড়েন। তাঁরা নিয়োগের স্থান পরিবর্তন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে নিয়ে আসেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাঁরা ফিরে না এলে বিদ্যালয়ের এক কর্মচারী সভাপতি ও প্রধান শিক্ষকের পক্ষে আদালতের নিষেধাজ্ঞার কপি গ্রহণ করেন। পরে বিকেলে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে সভাপতি ও প্রধান শিক্ষকের পছন্দের দুই প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
ইব্রাহিম হোসেন নামের এক চাকরিপ্রার্থী বলেন, তাঁকে বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য চিঠি দিয়ে জানানো হয়। নির্দিষ্ট সময়ে এসে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে অন্যত্র গোপনে পরীক্ষা নিয়ে তাঁদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক এস এম হাসানুজ্জামান বলেন, ‘নিয়োগের বিষয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা শুনলেও এ-সংক্রান্ত কোনো কপি পাইনি।’ সভাপতি ওয়াহেদুজ্জামানও একই রকম কথা বলেছেন। তিনি বলেন, ‘ওখানে (বিদ্যালয়ে) অপ্রীতিকর কিছু হতে পারে এ আশঙ্কায় উপজেলা শিক্ষা কর্মকর্তার দপ্তরে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।’
আবু হেনা মোস্তফা কামাল বলেন, নিয়োগ-বাণিজ্য বন্ধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মনোনয়ন না দেওয়ার আবেদন জানিয়ে ৭ অক্টোবর জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। তাঁরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সহযোগিতা করেননি।
নিয়োগ কমিটিতে ডিজির প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, তাঁর দপ্তরে নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে। মামলা বা নিষেধাজ্ঞার বিষয়ে তিনি কিছু জানেন না।