
ঘাটে ফেরি না থাকলে পন্টুনের ওপর কোনো যানবাহন রাখা যাবে না—এই নিষেধাজ্ঞা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)। কিন্তু তা উপেক্ষা করা হচ্ছে। পন্টুনের ওপর গাড়ি রাখা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এ চিত্র দেখা গেছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ঘাটে কর্তব্যরত সবাইকে সতর্ক করে দেওয়া হয়, যাতে পন্টুনে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে। কিন্তু প্রায়ই যাত্রীবাহী বাস, ট্রাকসহ নানা ধরনের যানবাহন পন্টুনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা বিপজ্জনক। দুই বছর আগে দৌলতদিয়া ঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বড় গাড়ি পদ্মা নদীতে পড়ে যায়। বিষয়টি দেখভালের দায়িত্ব বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (মেরিন) আবদুল কুদ্দুস বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় বা বিআইডব্লিউটিসির কাগজে-কলমে আইন না থাকলেও নিরাপত্তার স্বার্থে ফেরিঘাটের পন্টুনে স্বাভাবিক সময় গাড়ি রাখতে নিষেধ করা হয়। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সম্প্রতি পাটুরিয়ার ৪ নম্বর ঘাট থেকে পণ্যবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে। এ সময় পন্টুনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী পরিবহনের একজন সুপারভাইজার গাড়ির ধাক্কায় নদীতে পড়ে মারা যান। তবে ফেরিতে ওঠার আগে গাড়ি সিরিয়ালের দায়িত্ব বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের। পন্টুনের দায়িত্ব মেরিন বিভাগের। এ ক্ষেত্রে যেকোনো ঝামেলা এড়াতে বা সার্বিক সহযোগিতা করার কথা কর্তব্যরত পুলিশের।
গতকাল বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে দেখা গেছে, আপ পকেট (যেখান দিয়ে গাড়ি ফেরিতে ওঠানামা করে) থেকে শাহ আলী ফেরি গাড়িবোঝাই করে ছাড়ার চেষ্টা করছে। পাশে পাটুরিয়া থেকে আসা একটি ছোট ফেরি সেখানে ভিড়ছে। তা ছাড়া ডাউন পকেট থেকে একটি ছোট ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। ডাউন পকেটের সামনে পাটবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। সামনে থাকা পন্টুনের মাস্তুলও (ব্যারিকেড) ফেলা হয়নি। অথচ ফেরি ভেড়ার সময় পন্টুনে প্রচণ্ডবেগে যে ধাক্কা লাগে, তাতে ট্রাকটি পদ্মা নদীতে পড়ে যেতে পারত।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোমিন উদ্দিন বলেন, ফেরিতে ওঠার গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণের দায়িত্ব নৌপুলিশের নয়, ট্রাফিক পুলিশের।
দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মৃদুল রঞ্জন দাস বলেন, ফেরিতে ওঠার আগে বিআইডব্লিউটিসির সংকেতে জিরো পয়েন্ট থেকে গাড়ি ছাড়া হয়। নিয়ম না মেনে কোনো গাড়ি ফেরিতে বা পন্টুনে উঠলে ব্যবস্থা নেওয়া হয়।