নিষেধাজ্ঞা অমান্য করে পোড়ানো হচ্ছে ইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওয়ানিয়াবাড়ি গ্রামে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটায় ইট পোড়ানো হচ্ছে।  সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওয়ানিয়াবাড়ি গ্রামে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ভাটায় ইট পোড়ানো হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি ইটভাটায় ইট পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ভাটার কারণে পরিবেশদূষণ হচ্ছে এবং শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। এসব কারণে স্থানীয় ব্যক্তিদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর প্রায় দেড় মাস আগে ইটভাটাটি বন্ধের নির্দেশ দিয়েছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, ইটভাটাটির নাম মেসার্স ফরাজী ব্রিকস। এর মালিক উপজেলার আবদুস সালাম ওরফে খোকন। নিষেধাজ্ঞা অমান্য করে ইট পোড়ানো অব্যাহত রাখার কারণ জানতে চাইলে আবদুস সালাম বলেন, তিনি এই মৌসুমের জন্য কাঁচা ইট তৈরি করে ফেলেছেন। এই অবস্থায় ইটভাটার কার্যক্রম বন্ধ করা হলে তাঁর লোকসান হবে। তাই তিনি পরিবেশ অধিদপ্তরে এই মৌসুমে ইট পোড়ানোর জন্য আবেদন করেছেন। তবে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এক কর্মকর্তা বলেন, আবদুস সালাম ইট পোড়ানোর আবেদন করলেও তাঁকে অনুমতি দেওয়া হয়নি।

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই ইটভাটাটি অবস্থিত। ইটভাটার পাশেই একই মালিকের একটি পোলট্রি খামার রয়েছে। পোলট্রি খামারের কারণেও পরিবেশ দূষিত হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে দেওয়ানিয়াবাড়ি গ্রামের এ কে এম আসাদুজ্জামান কয়েক মাস আগে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ইটভাটা ও পোলট্রি খামার বন্ধের আবেদন করেন।

এ কে এম আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের পরিদর্শক আবদুর রাজ্জাক ইটভাটা ও পোলট্রি খামার পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, ইটভাটাটি দেওয়ানিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি নির্মাণাধীন হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে অবস্থিত। পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটায় সনাতন চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পরিবেশ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমতি ছাড়া পোলট্রি খামারটির কার্যক্রম চলছে। ভাটা ও খামারটি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। ওই প্রতিবেদন পাওয়ার পর পরিবেশ অধিদপ্তর গত ১১ নভেম্বর আবদুস সালামকে সাত দিনের মধ্যে ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়।

এলাকাবাসীর অভিযোগ, ইটভাটার মালিক আবদুস সালাম পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞার পরও ইট পোড়াচ্ছেন। গত শুক্রবার তিনি ইট পোড়ানো শুরু করেন। ইট পোড়ানোর কথা স্বীকার করে আবদুস সালাম বলেন, ‘আমি এই মৌসুমের জন্য বানানো ইটগুলো পোড়ানোর পর ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেব।’

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ইউসুফ আলী বলেন, বন্ধের নির্দেশ দেওয়ার পরও ভাটার মালিক কোনোভাবেই ইট পোড়াতে পারেন না। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইটভাটাটির কার্যক্রম বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।