নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ থেকে ষাটনল এলাকা পর্যন্ত সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে প্রতিদিন জেলেরা মাছ ধরছেন। অর্থ, জনবল, নৌযানসংকট ও অভিযানের খবর আগেই ফাঁস হওয়ায় মাছ ধরা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইলিশসহ অন্যান্য মা-মাছের প্রজনন নির্বিঘ্ন করতে মার্চ-এপ্রিলে মেঘনা-পদ্মায় মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে জেলা মৎস্য অধিদপ্তর। মৎস্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশে গত ২৮ ফেব্রুয়ারি জেলা মৎস্য কর্মকর্তা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
গত বুধবার সকাল ১০টা থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, এখলাছপুর, মোহনপুর, শিকিরচর, ছটাকি ও ষাটনল এলাকায় অবস্থান করে দেখা যায়, জেলেরা ইঞ্জিনচালিত ট্রলারে করে মেঘনা নদীতে জাল ফেলছেন। তাঁরা ছোট ও মাঝারি আকারের ইলিশসহ অন্যান্য মা-মাছ ধরছেন। এসব মাছ ট্রলারে করে দ্রুত অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। উল্লিখিত এলাকায় অন্তত ১৫টি জায়গায় মাছ ধরার এ চিত্র দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আমিরাবাদ এলাকার এক জেলে বলেন, ‘মাছ ধইরা বেচলে পকেডে কয়েকটা টেয়া আইয়ে। হেই টেয়ায় চাউল-ডাইল কিনি। ছেলে-পুলে, বউরে খাওয়াই। মাছ না ধরলে খামু কী। আইন মানলে তো আর আমাগো পেট ভরব না।’
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ইচ্ছা থাকা সত্ত্বেও অর্থ, লোকবল ও দ্রুতগতির যানবাহনের অভাবে মাছ ধরা বন্ধ করা যাচ্ছে না। তবু প্রতিদিন অভিযান চালানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, নদীতে মাছ ধরা বন্ধে জেলা প্রশাসনের হাকিম (ম্যাজিস্ট্রেট), কোস্টগার্ড এবং মৎস্য অধিদপ্তর প্রতিদিনই অভিযান চালাচ্ছে। কিন্তু জেলেরা অভিযানের খবর আগে থেকেই জেনে যাওয়ায় শতভাগ সাফল্য আসে না। এ ছাড়া অর্থ, জনবল ও নৌযানের অপ্রতুলতা তো আছেই। গত চার দিনে (১-৪ মার্চ) পদ্মা-মেঘনায় অভিযান চালিয়ে ৪ লাখ ৮০ হাজার মিটার কারেন্ট জাল ও ২ টন ১০০ কেজি মাছ জব্দ করা হয়। এ ছাড়া নয়জন জেলেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।