নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় জাটকা শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা শিকার অব্যাহত রয়েছে। এতে ব্যাহত হচ্ছে ইলিশ রক্ষা কর্মসূচি। তদারকির অভাবে এবং জেলেরা সময়মতো খাদ্য-সহায়তা না পাওয়ায় পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মার্চ ও আগামী এপ্রিলে মেঘনার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় ও পদ্মার কিছু অংশে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারিতে জারি করা ওই প্রজ্ঞাপনে ইলিশ বা জাটকা বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ।
গত শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল, ছটাকী, এখলাসপুর, মোহনপুর, শিকিরচর ও আমিরাবাদ এলাকায় অবস্থান করে দেখা যায়, কয়েক শ গজ পর পর জেলেরা ট্রলারে করে কারেন্ট জাল পেতে মাছ ধরছেন। জেলেরা কেউ কথা বলতে রাজি নন। কথা বলার জন্য তাঁদের কাছে গেলে ট্রলার নিয়ে সরে যাচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলার ষাটনল এলাকার দুজন জেলে বলেন, নিষেধাজ্ঞা মানলে তাঁদের পেট ভরবে না, এ জন্য নদীতে জাল ফেলেন। প্রশাসনকে ফাঁকি দিয়েই জাটকা ধরেন। কোনো সময় প্রশাসনের লোকজন আসার আগেই খবর পেয়ে যান। সাধারণত রাতেই বেশি মাছ ধরেন। তখন ধরা পড়ার ভয় থাকে না।
আমিরাবাদ এলাকার তিনজন জেলে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো সরকার ১ কেজি চাল দেয়নি। স্ত্রী-সন্তান নিয়ে খুব কষ্টে আছেন। পেটের দায়ে জাটকা ধরেন। তাঁদের দাবি, ষাটনল থেকে আমিরাবাদ এলাকা পর্যন্ত প্রতিদিন গড়ে ২০-২৫ মণ জাটকা ধরা পড়ে। তবে এসব খবর প্রশাসন জানে না।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মফিজুল ইসলামের ভাষ্য, জাটকা নিধন বন্ধে তিনি একাই লড়াই করছেন। সরকারের অন্য কার্যালয়ের লোকজন এ ব্যাপারে উদাসীন। তাঁরা ঠিকমতো অভিযান চালালে এত জাটকা ধরা সম্ভব হতো না। এ ছাড়া অভিযানের খবর কে বা কারা জেলেদের কাছে আগেই ফাঁস করে দেন। তাই অভিযান চালালেও ভালো সাফল্য আসছে না।
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের মুঠোফোনে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, জেলেদের পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার ৪১ হাজার ১৮৯ জন জেলের জন্য ভিজিএফ চালের বরাদ্দ পাওয়া গেছে। প্রত্যেক জেলে মার্চ ও এপ্রিল মাসে ৪০ কেজি করে চাল পাবেন। শিগগির এসব চাল বিতরণ করা হবে।
সফিকুর রহমান আরও বলেন, জাটকা শিকার বন্ধে স্থানীয় প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের উদ্যোগে জেলায় প্রতিদিন ৮-১০টি করে অভিযান চালানো হচ্ছে। জাটকা ধরার দায়ে এ পর্যন্ত ৫৮ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০ জনকে জরিমানা করা হয়েছে ৫৭ হাজার টাকা। জব্দ করা হয়েছে প্রায় ২০ মণ জাটকা। তবু জেলেরা জাটকা ধরছেন। সচেতনতার অভাবে তাঁরা এ কাজ করছেন।