নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ইলিশ ধরা
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচি উপজেলার যমুনা নদীতে মা ইলিশ নিধন চলছেই। অভিযোগ উঠেছে, অভিযানের খবর আগেই জেলেদের কাছে চলে যাচ্ছে বলে অভিযানেও কোনো কাজ হচ্ছে না।
মাছ ধরার পর স্থানীয় হাট-বাজারে কিছুটা গোপনে বিক্রি হলেও নদীর চরে প্রকাশ্যেই ইলিশ বিক্রি করা হচ্ছে। অথচ সরকারিভাবে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জানা গেছে, চৌহালী উপজেলার উমারপুর, শৈলজানা, বাঘুটিয়া, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ও বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের যমুনা নদীতে প্রতি রাতেই ইলিশ মাছ ধরা হচ্ছে। ওই মাছ বিক্রির জন্য প্রত্যন্ত চর এলাকায় বসানো হয়েছে অস্থায়ী বাজার। সেখানে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। এখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে ও ফেরি করে বিক্রি করছেন।
আজ সোমবার বেশ কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বর্তমানে নদীতে জালে ইলিশ মাছ বেশি ওঠায় আমরা বাধ্য হয়ে ধরছি। মৎস্য অফিসের অভিযানের খবর পৌঁছে দেওয়ার জন্য লোক আছে। প্রতিটি নৌকা থেকে সাড়ে তিন থেকে পাঁচ হাজার টাকা করে তুলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে থানা-পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের ম্যানেজ করা হয়েছে।’
ওই জেলেরা আরও জানান, যমুনার চরে ঘোরজান ইউনিয়নের কড়িতলায় অস্থায়ী ইলিশের হাট বসানো হয়েছে। সেখানে প্রতিদিন ভোরে মাছ কেনাবেচা হয়। এ ছাড়া যমুনা তীরের মিটুয়ানী, দত্তকান্দি, দক্ষিণ খাষকাউলিয়া (জনতা স্কুলসংলগ্ন), বিনানুই বাজার, আজিমুদ্দির মোড়, খগেন ঘাট ও চর ছলিমাবাদ বাজারসহ অন্তত ৩০টি পয়েন্টে চলছে বেচাকেনা। এ জন্য আগে থেকে মোবাইল ফোনে দূরদূরান্তের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম বলেন, সরকারি নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে জেলেদের সঙ্গে মৎস্য অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘যমুনা নদীতে মা ইলিশ ধরা হচ্ছে খবর পেয়ে তিন দিন ধরে চৌহালী ও বেলকুচি উপজেলার যমুনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় ২০০ কেজি মাছ উদ্ধার করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। তবে জনবল কম থাকায় অভিযান চালানো কঠিন হচ্ছে। তারপরও যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।’
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল বারী বলেন, ‘ইলিশ সংরক্ষণ অভিযানে জিরো টলারেন্স দেখানো হচ্ছে। এরই মধ্যে অভিযান চালিয়ে অনেক জাল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।’