নিষেধাজ্ঞা অমান্য, নগরে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার বেলা একটা। রাজশাহী নগরের রেলগেট থেকে ভদ্রা সড়কের রেশম কারখানার সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে একটি বাসের ছাদে তোলা হচ্ছে মালামাল। তার পেছনে আরও কয়েকটি বাস দাঁড়িয়ে আছে। পাশেই কয়েকটি ট্রাক-পিকআপ দাঁড়িয়ে আছে। সেখানে যানজটের সৃষ্টি হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অধ্যাদেশ অনুযায়ী দিনের বেলা নগরের রাস্তা দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে নগরের বিভিন্ন সড়কে দিনের বেলা অহরহ ট্রাক চলাচল করছে। নগরের সড়কগুলোতে অটোরিকশার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে সৃষ্ট যানজট দিনের বেলা ট্রাক আরও বাড়িয়ে দিচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছে নগরবাসী।
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে দেশের অন্য জেলাগুলোতে যাতায়াতের জন্য বাস ও ট্রাকগুলোর বাইপাস সড়ক ব্যবহার করার কথা। সেই নিয়ম কেউ মানছেন না। দিন ও রাতে সব সময় নগরের ব্যস্ততম সড়কগুলোতে ঢুকে পড়ছে বাস-ট্রাক। এতে বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। বাস ও ট্রাকের জন্য নওদাপাড়ায় আলাদা দুটি টার্মিনাল নির্মাণ করা হয়েছে। সেখান থেকে বাইপাস হয়ে বাস-ট্রাক চলাচল করার কথা। কিন্তু বাস টার্মিনাল থেকে বাস ছেড়ে তা আবার পদ্মা আবাসিক এলাকার ভেতর দিয়ে তালাইমারী হয়ে চলাচল করছে। পুলিশের সামনে দিয়ে দিন-রাত বাস-ট্রাক চলাচল করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজশাহী নগরে বর্তমানে অটোরিকশা চলাচল করে প্রায় ১০ হাজার। এর সঙ্গে চলাচল করছে ২০ হাজারের অধিক রিকশা আর দেড় হাজারের মতো হিউম্যান হলার। ছোট শহরে একসঙ্গে এত যানবাহন চলাচলের কারণে যানজটের দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। ব্যস্ততম সাহেববাজার এলাকায় পার্কিংয়ের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তার ওপরই রাখা হচ্ছে গাড়ি।
নগরের ব্যস্ততম মালোপাড়া-কাদিরগঞ্জ রাস্তায় যানজট এখন নিত্য ঘটনা। সরু এ রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার রিকশা-অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মাঝে মাঝে এই রাস্তায় ঢুকে পড়ে ট্রাক।
নগরের ট্রাফিক পরিদর্শক রায়হান ইবনে রহমান জানান, রুয়েটের পরীক্ষার দায়িত্বে থাকার কারণে তাঁরা নগরের ভেতরে বিশেষভাবে নজর রাখতে পারেননি। এ কারণে কোনো ট্রাক ঢুকে থাকতে পারে।