নিষেধাজ্ঞা অমান্য ২৯টি অটোরিকশা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২৯টি সিএনজিচালিত অটোরিকশা আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ।
পুলিশ জানায়, সিএনজি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার অজুহাতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে শত শত অটোরিকশা চলাচল করছে। এসব অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ পঙ্গু হচ্ছে।
দাউদকান্দির গৌরীপুর বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, ‘কিছুদিন আগে রাতে আমি বাড়ি যাচ্ছিলাম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পেন্নাই এলাকায় এক চালক পুলিশকে ফাঁকি দিতে সিএনজির সামনের বাতি না জ্বালিয়েই দ্রুত গতিতে যাচ্ছিলেন। একপর্যায়ে অন্ধকারে আমার ওপর সিএনজি তুলে দেন। এতে আমার একটি পা ভেঙে যায়।’
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, মালিকেরা আটক সিএনজিগুলো ছাড়িয়ে নিতে এলে প্রতিটি সিএনজির বিরুদ্ধে মামলার কাগজ ধরিয়ে দেওয়া হবে।