নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে কাঁকড়া শিকার
জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। বছরের এ সময় সুন্দরবন থেকে কাঁকড়া ধরা আইনত নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাঁকড়া শিকার করা হচ্ছে।
সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ী, নীলডুমুর, নওয়াবেকী, হরিনগর, মীরগাং, ভেটখালী এলাকা ঘুরে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসব এলাকার বাজারগুলোতে প্রতিদিন কয়েক শ মণ কাঁকড়া বেচাকেনা হচ্ছে। সুন্দরবন ও সুন্দরবনসংলগ্ন বিভিন্ন নদ-নদী থেকে জেলেরা এসব কাঁকড়া শিকার করে আনছেন। প্রজনন মৌসুমে শিকার নিষিদ্ধ হলেও তা উপেক্ষা করেই জেলেরা সুন্দরবন থেকে কাঁকড়া ধরছেন।
শ্যামনগর উপজেলার হানিফ গাজী, মাহমুদুল গাজী, আসাদুজ্জামান মোল্লাসহ কয়েকজন জেলে বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি—দুই মাস কাঁকড়া শিকার নিষিদ্ধ হওয়ায় অনেকে মাছ ধরার অনুমতি নিয়ে বনে যান। কিন্তু শিকার করেন কাঁকড়া। তাঁরা আরও বলেন, অনেক জেলে অনুমতি না নিয়ে বন বিভাগের লোকদের সঙ্গে সমঝোতা করে (টাকার বিনিময়ে) বনে গিয়ে কাঁকড়া শিকার করেন। দুই দিনের জন্য সুন্দরবনের নদীতে কাঁকড়া ধরতে নৌকাপ্রতি দিতে হয় ৪০০-৬০০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে দুজন জেলে বলেন, ‘আমরা চুক্তিতে বনে যাই। তাই আমাগো পাস (অনুমতিপত্র) লাগে না।’
নওয়াবেকী, কলবাড়ী ও হরিনগর বাজারের কয়েকজন কাঁকড়া ব্যবসায়ী বলেন, জেলেরা কাঁকড়া শিকার করে বনে বসেই তা বিক্রি করে দিচ্ছে দ্বিতীয় কোনো পক্ষের কাছে। আর দ্বিতীয় পক্ষের কাছ থেকে তাঁরা (ব্যবসায়ীরা) কাঁকড়া কিনে ঢাকায় রপ্তানিকারকদের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন।
কলবাড়ী বাজারের ব্যবসায়ী শাহ আলম মোড়ল ও হায়দার আলী আলীর কাছে নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রজনন মৌসুমে কাঁকড়া বেচাকেনা করছেন কেন—জানতে চাইলে তাঁরা বলেন, সুন্দরবন বিশাল জায়গা। প্রতিদিন চার-পাঁচ শ মণ কাঁকড়া ধরার পরও কাঁকড়ার বংশবিস্তারে কোনো সমস্যা হয় না।
ব্যবসায়ী আবদুর জব্বার ও আশরাফ মোড়ল বলেন, সুন্দরবনসংলগ্ন কলবাড়ী এলাকায় ২০-২৫টি কাঁকড়া বেচাকেনার ডিপো রয়েছে। সারা দিন তাঁরা সুন্দরবনের নদী থেকে যে কাঁকড়া সংগ্রহ করেন, তা ভোররাতে বা পরদিন সকালে আড়তগুলোতে পৌঁছে দেন। সন্ধ্যার পর এসব এলাকা থেকে ট্রাক ভর্তি করে কাঁকড়া ঢাকায় পাঠানো হয়।
কলবাড়ী ও ভেটখালী বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, বাজারে এখন যেসব কাঁকড়া আসছে, তার সবই নার্সিং পয়েন্টের। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থাকে ফাঁকি দিতে তাঁরা সুন্দরবন থেকে শিকার করা কাঁকড়াকে নার্সিং পয়েন্টের কাঁকড়া বলে চালিয়ে দিচ্ছেন।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেরামত আলী মল্লিক বলেন, মাছ ধরার অনুমতি নিয়ে জেলেরা অনেক সময় কাঁকড়া ধরে থাকেন। এ ব্যাপারে নজরদারি বাড়ানোর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে বিনা অনমুতিতে যাঁরা যান, তাঁরা চুরি করে যান। তাদের (বন বিভাগ) সঙ্গে সমঝোতা করে যাওয়ার প্রশ্নই আসে না।