নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরা, ২১ জেলের দণ্ড
ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারির প্রথম দিনে আজ বুধবার উপকূলীয় এলাকা থেকে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় ওই জেলেদের আটক করা হয়। এ ছাড়া আটক করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার মিটার মাছ ধরার জাল। একটি ট্রলার নদে ডুবিয়ে দেওয়া হয়েছে। পৃথক স্থান থেকে জব্দ করা হয়েছে আরও একটি ট্রলার ও একটি নৌকা।
উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে দেশের ২৭টি জেলার নদ-নদী ও উপকূলে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময়ে নদী ও উপকূলীয় অঞ্চলের মৎস্য আড়তে মাছ মজুত, পরিবহন ও বিক্রি বন্ধ থাকবে। ইলিশের প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত চট্টগ্রামের মীরসরাই উপজেলার শাহেরখালি থেকে হাইদকান্দি পয়েন্ট, ভোলার তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমুদ্দিন থেকে সৈয়দ আওলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি পয়েন্ট, কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডারামসারা পয়েন্ট—এই সাত হাজার বর্গকিলোমিটার এলাকাসহ সারা দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর গতকাল মঙ্গলবার রাত থেকে মাছ ধরা বিরুদ্ধে অভিযান চালানো হয়।
প্রথম আলোর বরিশাল অফিস জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতি নেওয়ার সময় বরগুনার পাথরঘাটা উপজেলার ১২ জেলেকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ভোর চারটায় উপজেলার বলেশ্বর নদসংলগ্ন চরদুয়ানি খাল থেকে ট্রলারসহ ওই ১২ জেলেকে আটক করা হয়। পরে তাঁদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ দণ্ড দেন। পরে ট্রলারটি নদে ডুবিয়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের আল আমিন, আসাদুল ইসলাম, ইসাহাক মিয়া, মো. মানিক, ফিরোজ মিয়া, আবদুল আউয়াল, আবু বকর, মোজাম্মেল হক, নুরু মিয়া ও আল আমিন মাতুব্বর, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামের জাকির মুসুল্লি এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশুরবুনিয়া গ্রামের মো. রুবেল। এঁদের বাড়ি পাথরঘাটা চরদুয়ানি ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা গ্রামে।
পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক প্রথম আলোকে এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইলিশ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বলেশ্বর নদের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। আজ ভোর চারটার দিকে বলেশ্বর নদসংলগ্ন চরদুয়ানি খাল থেকে একটি ট্রলারসহ ওই ১২ জেলে ইলিশ মাছ ধরার প্রস্তুতি নেওয়ার সময় তাঁদের আটক করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে আশপাশের অনেক জেলে পালিয়ে গেছে বলে তিনি জানান।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, দণ্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি জানিয়েছেন, পটুয়াখালীর বাউফল উপজেলা-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে নয় জেলেকে আটক করে। মাছ ধরার সময় আটক সাতজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আর মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আটক দুজনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার বদরপুর গ্রামের মো. মিলন (১৮) ও মো. সালাউদ্দিন (২০) এবং একই উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের মো. আলমগীর (৪০), মো. শাকিল (২০), মো. জামাল (২৫), মো. বেল্লাল হোসেন (২২) ও ফরিদ (২৫)। আর বরিশালের মেহেদিগঞ্জ উপজেলার ইলিশা গ্রামের মো. হারুন (৩৫) ও মো. হালিমকে (৪২) পাঁচ হাজার জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ওই সময় ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, একটি ট্রলার ও একটি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ দেন। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, কোস্টগার্ডের বগুড়া জাহাজের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আকবর প্রমুখ।
পটুয়াখালী অফিস জানিয়েছে, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত থেকেই জেলা ও উপজেলা মৎস্য কার্যালয় এলাকার নদ-নদীতে অভিযান শুরু করে। এর মধ্যে সদর উপজেলার পায়রা নদীতে অভিযান চালিয়ে আট হাজার মিটার জাল জব্দ করা হয়। কলাপাড়ার আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করা হয়। এ ছাড়া গলাচিপার আগুনমুখা নদী থেকে তিন হাজার মিটার, মির্জাগঞ্জের পায়রা নদী থেকে এক লাখ মিটার, দশমিনা থেকে আট হাজার মিটার, দুমকি থেকে পাঁচ হাজার মিটার এবং রাঙ্গাবালী উপজেলার নদ-নদী থেকে দুই হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।